জিয়াট্রি নামে পরিচিত নিমগাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) ঢাকার চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, হজ পালন করতে যাওয়া অনেকেই আরাফাতের ময়দানে অসংখ্য নিমগাছ দেখেছেন। অথচ একসময় সেখানে কোনো গাছ ছিল না। তিনি বলেন, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরাহ পালনের সময় বিষয়টি লক্ষ্য করে সৌদি বাদশাহকে সেখানে গাছ লাগানোর পরামর্শ দেন। তখন জানানো হয়েছিল, ওই অঞ্চলের মাটিতে গাছ জন্মায় না। পরে দেশে ফিরে কৃষিবিদদের সঙ্গে আলোচনা করে আরাফাতের ময়দানে নিমগাছের চারা রোপণের উদ্যোগ নেন জিয়াউর রহমান। সেই গাছগুলো সফলভাবে বেড়ে ওঠার পর সৌদিরা এগুলোর নাম দেয় ‘জিয়াট্রি’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান উপস্থিত ছিলেন।
পরে রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক আশীক আহমেদ কমল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।




