• ই-পেপার

ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে দীপু মনি ফের মুন্সীগঞ্জ কারাগারে

নীলফামারী আইনজীবী সমিতির ৪ কোটি টাকার বাজেট ঘোষণা

নীলফামারী সংবাদদাতা
নীলফামারী আইনজীবী সমিতির ৪ কোটি টাকার বাজেট ঘোষণা
নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান।

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত বাজেট অধিবেশনে নতুন অর্থবছরের জন্য ৪ কোটিরও বেশি টাকার ঘোষণা করা হয়েছে।

বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো।

প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।
এ সময় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে সম্ভাব্য আয় ধরা হয়েছিল ৩ কোটি ৬ লাখ ৮ হাজার ৬০০ টাকা। তবে প্রকৃত আয় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৭৬ টাকা। একই অর্থবছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৪০০ টাকা। কিন্তু প্রকৃত ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ১৯ হাজার ৭৫৭ টাকা।

বাজেট উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রস্তাবিত বাজেট নিয়ে আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দেন সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী।
জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন,"আইনজীবীরা বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী আইনজীবী সমিতি গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রস্তাবিত এই বাজেট সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী বলেন, ‘এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে সমিতির আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আইনজীবীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন করা হয়েছে।’

বাজেট অধিবেশন শেষে নবীন আইনজীবী এবং হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও আইনজীবী সমিতির নতুন ওয়েব সাইটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনেন ইমাম সোহেল, লাইব্রেরি সম্পাদক আনিছুর রহমান আজাদ, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক হুজুর আলীসহ সমিতির অন্যান্য আইনজীবীরা।

সদরপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুরে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৫
শিশু শাহাদাত হোসেন। সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহাদাত হোসেন উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আবদুর রশিদের ছেলে। সে হানিফ হাজীর ডাঙ্গী কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্র জানায়, গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবারসংলগ্ন ট্রলারঘাটে মহররম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সোমবার দুপুরে মেলায় থাকা একটি দোলনার কর্মচারী ইয়াছিন (১৮) ফোন করে নিহত শিশুর বোন রওশনারাকে মরদেহের অবস্থান সম্পর্কে জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সদস্যরা কাশবনে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনার পর থেকেই ইয়াছিন পলাতক রয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা মেলার দোলনার মালিকসহ কয়েকজন কর্মচারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। তারা হলেন—শরীয়তপুরের জাজিরা উপজেলার দেলোয়ার বেপারী, ঝিনাইদহ সদর উপজেলার রিয়াজ, মাগুরার মোহাম্মদপুর উপজেলার তামিম মোল্যা, ঝিনাইদহের হাটগোপালপুর এলাকার জিহাদ মাহমুদ এবং ঝিনাইদহ সদর উপজেলার শাকিল ইসলাম।

খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু এবং সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ১১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় ১১ জন গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, দস্যুতা, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন সানারপাড় নিমাইকাশারী এলাকার হযরত আলী (৪৬), সানারপাড়ের মো. বিল্লাল হোসেন, নিমাইকাশারীর রেনু বেগম, মিজমিজি কান্দাপাড়ার মো. মোরশেদ আলী ওরফে মইশা (৪২), একই এলাকার মো. মিজানুর রহমান ওরফে তেতা মিজান (৪৫), চিত্তরঞ্জন মিল এলাকার মো. মানিক (৩৫), গোদনাইল মীরপাড়ার মীর আল আমিন নয়ন (২৫), সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মো. ফারহান আহম্মেদ সাগর (২৪), এসিআই পানির কল এলাকার মো. হাবিবুর রহমান অভি (২৭), মিজমিজি দক্ষিণপাড়ার সাঈদ হোসেন মুন্না (২৮) এবং নড়াইল জেলার নিয়ামুল শরীফ (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে হযরত আলী, মো. বিল্লাল হোসেন ও রেনু বেগমকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া সাজাপ্রাপ্ত জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট মামলার দুইজন সাঈদ হোসেন মুন্না ছাত্রলীগ নেতা ও নিয়ামুল শরীফ যুবলীগ কর্মী, দস্যুতা মামলার একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।’

কুয়াকাটার কাউয়ার চর সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটার কাউয়ার চর সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি!
ছবি : কালের কণ্ঠ

পটুয়াখালীর কুয়াকাটার কাউয়ার চর সৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের একটি মৃত তিমি (বেলিন প্রজাতির) ভেসে এসেছে। সোমবার (২৯ জুন) বিকেলে সৈকতের কাউচার পয়েন্টে তিমিটি ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিমি উদ্ধারের চেষ্টা করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। 

উপরার যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, আমাদের ধারণা অর্ধগলিত তিমিটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে। 

উপরার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, ‘এর আগে গত ৩ জুন দুপুরে ৫৮ ফুট দৈর্ঘ্যের আরো একটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। সেটিও উদ্ধার করে মাটি চাপা দিয়েছি।’

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত তিমিটি মাটিচাপা দেওয়া হয়েছে। তিমিটির মৃত্যুর রহস্য উদঘাটনে পরবর্তীতে এটির নমুনা সংগ্রহ করা হবে।