• ই-পেপার

শাহ আমানত সেতু

উল্টো পথে অটোরিকশার দৌরাত্ম্য

  • বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় রংপুরে গলফ টুর্নামেন্ট উদ্বোধন

রংপুর অফিস
সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় রংপুরে গলফ টুর্নামেন্ট উদ্বোধন
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় রংপুরে ‘প্রাইম ব্যাংক প্রেসিডেন্টস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।

সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে রংপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের পুরুষ, নারী, জুনিয়র ও সিনিয়র গলফাররা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতা সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তারা আরো জানান, আন্তর্জাতিক মানের গলফ সংস্কৃতি বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ক্রীড়া, শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ধরনের আয়োজন রংপুরের ক্রীড়াঙ্গনকে আরো সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় পর্যায়ে জেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জে ৩ চোরাই গাড়িসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ৩ চোরাই গাড়িসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ ফতুল্লায় জজ কোর্টসংলগ্ন পার্কিং এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেট কারসহ আন্ত জেলা গাড়িচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২২ জুন নতুন জজ কোর্টের সামনে পার্কিংয়ে নিজের ব্যবহৃত টয়োটা এক্স করোলা (ঢাকা মেট্রো গ-৩১-২৬২৬) রেখে নাশতা করতে যান মোহাম্মদ আরিফ। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি গাড়িটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি চুরির মামলা করেন। পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তার হোসেন (৪৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৬ জুন) ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬) নামে আরো দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তারা আন্ত জেলা গাড়িচোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলা ছাড়াও একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১৪-৯২৩০) এবং একটি প্রাইভেট কার (চট্টগ্রাম মেট্রো ঘ-১১-২৮৮০) উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানান, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে অভিযান চালিয়ে আন্ত জেলা গাড়িচোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

যশোরে মাদক সেবনের অভিযোগে গার্মেন্টসকর্মীর কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরে মাদক সেবনের অভিযোগে গার্মেন্টসকর্মীর কারাদণ্ড
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মিঠু সরদার (২৮) নামের এক গার্মেন্টসকর্মীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মিঠু সরদার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত জাকারিয়া সরদারের ছেলে। তিনি ভারতের কলকাতার একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি দেশে ফিরে আসেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শনিবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে একটি মুদি দোকানের পাশে গাঁজা সেবনের সময় পুলিশ মিঠু সরদারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

মিঠু সরদার জানান, দেশে ফেরার পর হরিশপুর বাজারে হুসাইন নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০ টাকার গাঁজা কিনে সেবনের সময় পুলিশ তাকে আটক করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

ঈশ্বরগঞ্জ

বিদ্যালয় মাঠে ট্রাক্টর পার্কিং, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
বিদ্যালয় মাঠে ট্রাক্টর পার্কিং, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে পার্কিং করা হচ্ছে মাটি বহন করা ট্রাক্টর। শনিবার তোলা। কালের কণ্ঠ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরহোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে পার্ক করা হচ্ছে মাটি বহন করা ট্রাক্টর। এ ছাড়া পানি নিষ্কাশনের পথে মাটি রাখায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে খেলাধুলা করতে পারছে না শিক্ষার্থীরা। 

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের অভিযোগ, ভারী ট্রাক্টর চলাচল ও পুকুরের ভাঙনে সংলগ্ন বিদ্যালয় ভবনে অসংখ্য ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। এরই মধ্যে বিদ্যালয়ের একটি ভবনের একাংশ ধসে পড়েছে। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে ৫০ শতাংশ জায়গার ওপর প্রতিষ্ঠিত হয় চরহোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭৯। আর শিক্ষক রয়েছেন আটজন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, চরহোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখার মান বেশ  ভালো। প্রতিষ্ঠানটির খেলার মাঠ দখল ছাড়াও বিদ্যালয় ভবন ঘেঁষে রয়েছে আব্দুস সাত্তার ফকির নামে স্থানীয় এক বাসিন্দার পুকুর। পাড় ভাঙতে থাকায় বিদ্যালয়ের একটি ভবনের একাংশ ধসে পড়েছে পুকুরটিতে। 

চরহোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার ও জুবাইদ রায়হান আবিরের ভাষ্য, 'স্কুলের মাঠে রাখা ট্রাক্টর ও কাদার কারণে আমরা খেলাধুলা করতে পারি না। ক্লাসরুমে বসে ক্লাস করতে আমাদের ভয় লাগে, কখন জানি ভেঙে পড়ে। খেলাধুলার জন্য আমাদের পরিষ্কার মাঠ আর পড়ালেখার জন্য নতুন বিল্ডিং দরকার।’

স্থানীয় আব্দুল বারেক, মোহাম্মদ আলী, মো. আব্দুল হেলিম ও আরিফুল ইসলামসহ কয়েকজন বাসিন্দা বলেন, 'যারা স্কুল মাঠে ট্রাক্টর রাখে, তারা অন্য এলাকার বাসিন্দা। মাঠে ট্রলি রাখা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। এতে তাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে; বিদ্যালয়ের পরিবেশও নষ্ট হচ্ছে। কিন্তু আমরা কাকে কী বলবো, সবাই তো এলাকার মানুষ ‘

সরেজমিন স্কুল মাঠে গিয়ে কোনো ট্রাক্টর চালককে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে জাহাঙ্গীর ফকির নামের এক ট্রাক্টরচালক বলেন, ‘স্কুল মাঠে ট্রাক্টর রাখা মোটেও উচিত না। আমার ট্রাক্টর বাড়িতে রাখি। যারা মাঠে ট্রাক্টর রাখে, তাদের বার বার নিষেধ করলেও কথা শোনে না।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরিফুন নাহার বলেন,'আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি এবং ড্রেসআপ শতাভাগ। ভালো ফলের পাশাপাশি খেলাধুলায় ইউনিয়ন পর্যায়ে প্রথম হয়েছে আমাদের স্কুল। কিন্তু স্কুলমাঠ দখল করে মাটি বহন করা ট্রাক্টর পার্কিং করছে। এ ছাড়া জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। এ নিয়ে ট্রাক্টর চালকদের বারবার নিষেধ করা হলেও তারা কথা শোনে না। এ ছাড়া বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে ফাটল দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, 'প্রধান শিক্ষকের উচিত ছিল স্কুল মাঠে ট্রাক্টর না রাখার ব্যাপারে কঠোর হওয়া। তিনি ব্যর্থ হলে আমাদের জানাতে পারতেন। যেহেতু এখন জেনেছি, ব্যবস্থা নেওয়া হবে ‘ 

ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের বিষয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, ‘এসব বিদ্যালয়ের প্যালাসাইডিং ও মেরামতের জন্য মন্ত্রণালয়ে চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে। সেই সঙ্গে বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘স্কুলমাঠে গাড়ি পার্কিং নিষিদ্ধ। শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’