ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে দেবগ্রাম এলাকা থেকে মাদক নির্মূলের কড়া বার্তা দেন বক্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব মো. আক্তার খান। খেলার উদ্বোধন করেন সমাজসেবক মো. আলমগীর খান। সমাজসেবক ফরিদ মিয়ার সভাপতিত্বে এতে স্থানীয় বাসিন্দা শেখ আইয়ুবুর রহমান, ফয়েজ আহম্মেদ, রুহুল আমিন খান সুমন, কবির খান, শেখ মো. ইশান, মোবাশ্বির আহম্মেদ, হুমায়ুন কবির নয়ন, রামীম খান, শাহীন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সদস্যসচিব আক্তার খান বলেন, ‘মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। ব্রাজিল ও আর্জেন্টিনার ভক্তদের এ প্রীতি ম্যাচ থেকে আমরা বার্তা দিতে চাই যে, দেবগ্রামকে মাদকমুক্ত করা হবে।’
আর্জেন্টিনাভক্ত হুমায়ুন কবির নয়ন বলেন, ‘এ আয়োজনের মধ্য দিয়ে দুই দলের ভক্তদের মাঝে সৌহার্দ্য বজায় রাখতে সহায়ক হবে। একইসঙ্গে যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় মগ্ন করতে ভূমিকা রাখবে। আমরা এ আয়োজনের মধ্য দিয়ে মাদক নির্মুলেরও বার্তা দিয়েছি।’
ব্রাজিলভক্ত মো. রামীম খান বলেন, ‘দুই দলের ভক্তদের নিয়ে আমাদের এ আয়োজন। যুব সমাজকে খেলাধুলামুখী করতে আমরা এ আয়োজন করেছি। একইসঙ্গে এলাকাকে মাদকমুক্ত রাখতে যে প্রয়াস চালানো হচ্ছে, এরই অংশ হিসেবে আমরা সবার কাছে বার্তা পৌঁছে দিচ্ছি।’




