ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন মিয়া উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টায় নবীনগর থানার চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়া একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে কৌশলে ধর্ষণ করে। এ অভিযোগ এনে ভুক্তভোগীর পরিবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে অভিযোগপত্র দেন। পরে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
দীর্ঘ চার মাস পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ২৩ জুন রাতে নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি সুমন মিয়াকে সব আইনগত প্রক্রিয়া শেষ করে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।




