ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর উল্লাসে গনজোয়ারে পাবনার ঈশ্বরদীতে প্রিয়দল আর্জেন্টিনার সমর্থক ও মেসির ভক্তরা পতাকা নিয়ে বিশাল শুভাযাত্রা করেছে।
সোমবার (২২ জুন) বিকেলে পৌর শহরের রেলগেট এলাকা থেকে জার্সি পরে পতাকা নিয়ে কয়েকশত মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য র্যালি ও শোডাউন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।
এর দুদিন আগে ব্রাজিল সমর্থকরা শহরে মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেন। ব্রাজিল সমর্থক ভক্তদের মোটর সাইকেল শোডাউন দেখার পর প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের অনন্য বহিঃপ্রকাশ ঘটাতে এই শোডাউন করা হয়।
বিকেলে রেলগেট থেকে র্যালিটি শুরু হয়ে বাজার, পোস্টঅফিস মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনটি শহর ঘুরে রেলগেটে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
র্যালিতে ও শোডাউনে ব্যান্ড পার্টির সুরে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শত শত মোটরসাইকেলের সঙ্গে বাঁধা পতাকাগুলো শহরবাসীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
আর্জেন্টিনা সমর্থক বিশাল জানান, তাদের বিশ্বাস আর্জেন্টিনা আগের আসরের মতো এবারও শিরোপা জয়ের দৌড়ে শক্ত অবস্থানে থাকবে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
শোডাউনে অংশ নেওয়া অমিত, রঞ্জন কুমার, শাহিনুর রহমান বাঁধন জানান ঈশ্বরদীর মাটি, আর্জেন্টিনার ঘাঁটি। তাদের বিশ্বাস, প্রিয় দল এবারও সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে। আকাশি-সাদা প্রতিক সম্বলিত পতাকা আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ও আবেগের অনন্য প্রতীক।




