• ই-পেপার

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভালুকায় নিষিদ্ধ যুবলীগের শপথ, ভিডিও ভাইরাল

তালা ভেঙে চুরি মেয়ের বিয়ের সঞ্চয়, দুশ্চিন্তায় পিকআপচালক বাবা

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
তালা ভেঙে চুরি মেয়ের বিয়ের সঞ্চয়, দুশ্চিন্তায় পিকআপচালক বাবা
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘদিন পিকআপ চালিয়ে কষ্ট করে জমানো বড় মেয়ের বিয়ের সঞ্চয় চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এক পিকআপচালক বাবা। মৌলভীবাজারের কমলগঞ্জে বাসার তালা ভেঙে স্টিলের সিন্দুক থেকে প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (২১ জুন) উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার তায়েফ মঞ্জিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন নাজমুল মিয়া (৫০)। তিনি আবুল খায়ের কোম্পানির পিকআপচালক এবং স্থানীয় বাসিন্দা। 

নাজমুল মিয়া জানান, রবিবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। পরে তার স্ত্রী লিমা বেগম মেয়েকে স্কুল থেকে আনতে বাসার দরজায় তালা দিয়ে বাইরে যান। কিছু সময় পর বাসায় ফিরে তিনি দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখা যায়, স্টিলের সিন্দুকের ড্রয়ার খুলে সেখানে রাখা নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

কান্নাজড়িত কণ্ঠে নাজমুল মিয়া বলেন, ‘পিকআপ চালিয়ে অনেক কষ্টে বড় মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম। চোরেরা সব নিয়ে গেছে। এখন মেয়ের বিয়ে কীভাবে দেব, বুঝতে পারছি না।’

তিনি দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দা ইমরান ও জুয়েল আহমদ বলেন, মেয়ের বিয়ের জন্য বহুদিনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। ঘটনার পর থেকে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের ছবি ও ভিডিও পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরাতার বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরাতার বিরুদ্ধে প্রতিরোধসহ ফ্যাসিবাদের বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সোমবার বিকেলে সাভারের পাকিজা মোড়ে শহীদ ইয়ামিন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় সাভার থানা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের সভাপতি-সাধারন সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজিত প্রতিরোধ সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ‘ছাত্রদল দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস ছাত্রদলের রয়েছে। সাভার-আশুলিয়ায় কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে তা প্রতিহত করবে।’

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারন সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। এমতবস্থায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতা-কর্মীরা সোচ্চার রয়েছে। যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেয়া হবে না।’

সমাবেশ থেকে বক্তারা বলেন, ‘মঙ্গলবার ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এজন্য ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে।’

সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে গেন্ডা ইউটার্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের শ্লেগান দেন নেতাকর্মীরা।

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোন ধরনের নাশকতা এবং অপতৎপরতা রুখে দিতে সাভার ও আশুলিয়ায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। সোমবার দুপুরে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান।

এসময় তিনি আরো বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন সাভার ও আশুলিয়ায় নাশকতা বা মিছিল করতে না পারে এ জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রস্তুত রয়েছে তাদেরকে প্রতিহত করতে।’

রংপুর

হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

রংপুর অফিস
হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

রংপুর নগরীর পায়রা চত্বরে অবস্থিত নর্থ ভিউ আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের ৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ওই কিশোরীর নাম নুজসাত। সে নগরীর খলিফাপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। এ বছর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। 

রংপুর মেট্রোপলিটন পুলিশকে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, আমরা ওই হোটেলের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা যায়, ওই কিশোরী বিকেল ৪টা ৪৫ মিনিটে একাই হোটেলের ছাদে ওঠে। কিছুক্ষণ মোবাইল দেখার পর রেলিংয়ে উঠে সে। এরপরে সে নিচে পড়ে যায়।

সনাতন চক্রবর্তী বলেন, এটা আত্মহত্যা নাকি প্ররোচনা সেটির তদন্ত চলছে।

এদিকে একটি অভিজাত আবাসিক হোটেলের ছাদ খোলা থাকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনাটি জানার পর স্থানীয়রা এ বিষয়ে প্রশ্ন তুলেছে। ঘটনাস্থলে থাকা আব্দুর রহমান বলেন, এত বড় একটি হোটেল, অথচ যে কেউ ছাদে যাবে, তা কী করে হতে পারে? 

কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
নিহত স্মৃতি আক্তার।

কুমিল্লা নগরীতে ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে স্মৃতি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্মৃতি আক্তার (৮) নগরীর কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ছোটরা এলাকার মফিজাবাদ কলোনিতে শিশুটির নানাবাড়ি। সেখানে তার মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে মা-সহ বাসায় ফিরছিল স্মৃতি। জলাবদ্ধতার কারণে রিকশা না পেয়ে তারা হেঁটেই বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। ফুটপাত দিয়ে যাওয়ার সময় স্মৃতি মায়ের হাত থেকে ছিটকে জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা শুরু করে। প্রায় ১৫ মিনিট পর কিছুটা সামনে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে নালা সংস্কার ও পরিষ্কারের কাজ চলছিল। বেশ কয়েকটি স্থানে নালার ঢাকনা খোলা ছিল এবং অনেক স্ল্যাব ভাঙা অবস্থায় পড়ে ছিল। টানা বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ায় খোলা ড্রেন ও ভাঙা অংশগুলো পানির নিচে ঢেকে যায়। ফলে পথচারীরা ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি বুঝতে পারেননি। তাদের অভিযোগ, নগরীর বিভিন্ন সড়কের পাশের ড্রেন দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। অনেক জায়গায় স্ল্যাব ভাঙা কিংবা ফাঁকা থাকায় এসব ড্রেন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ ড্রেনগুলো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, এ ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। নগরীর অরক্ষিত সবগুলো স্ল্যাব ঢেকে দেওয়া হবে। শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে জানা গেছে। শিশুটির পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দেখব।’