• ই-পেপার

পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মরদেহ

নরসিংদীতে বজ্রাঘাতে নিহত মাদরাসা ছাত্রদের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীতে বজ্রাঘাতে নিহত মাদরাসা ছাত্রদের পরিবারের পাশে উপজেলা প্রশাসন
ছবি : কালের কণ্ঠ

নরসিংদীর মনোহরদীতে বজ্রাঘাতে নিহত তিন মাদরাসা শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহান নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়াসহ প্রমুখ।

স্থানীয় সূত্র জানায়, নিহত তিন মাদরাসা ছাত্রের নাম জহিরুল ইসলাম (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১২)। তারা যথাক্রমে কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় একটি মাদরাসা ও এতিমখানায় অধ্যয়নরত ছিলেন।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী দক্ষিণপাড়া মদিনাতুল উলূম মাদরাসা ও এতিমখানায় মাগরিবের নামাজের অজু করার সময় বজ্রাঘাতে এ দুর্ঘটনা ঘটে।

বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা মো. সাদেক খান। সংগৃহীত ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মো. সাদেক খান নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রহমতপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদেক খান উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, সাদেক খান বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তার সাদেক খানকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

তবে সাদেক খানের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

ফটিকছড়িতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়িতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর সীমান্ত এলাকা থেকে পুটন মোল্ল (১৯) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার উত্তর আঁধারমানিক এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়।

আজ দুপুরে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পুটন মোল্লকে আটক করা হয়। আটক পুটন মোল্ল ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাদল মোল্লের ছেলে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সার্বভৌমত্ব রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।

বাড়ির ভেতর মদের কারখানা, পুলিশের হানা

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
বাড়ির ভেতর মদের কারখানা, পুলিশের হানা
ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে মদের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ প্রস্তুতের উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় একজ‌ন‌কে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম গনাই চন্দ্র (৪৫)। এ ছাড়া অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকুটি এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার হবিবর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে বাংলা মদ প্রস্তুত করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে বাংলা মদ ও মদ প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

এ সময় কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্রকে আটক করা হয়। তবে কারখানার মূল অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে পুলিশ জানায়। এ ছাড়া অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। বা‌ড়ির মা‌লিক‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য থানায় নেওয়া হ‌য়ে‌ছে। মূল অভিযুক্ত পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।