দিনাজপুরের বোচাগঞ্জে ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী শিল্পীর বিরুদ্ধে। রবিবার (১৪ জুন) দুপুরে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকা রামদাস পাড়ায় এ ঘটনাটি ঘটে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় মোস্তাফিজুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত সেতাবগঞ্জ পৌরসভার মৃত ডা. নিয়াজ উদ্দিনের ছেলে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান।
দিনাজপুরের সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো. মনিরুজ্জামান জানান, ডি এন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান রবিবার দুপুরে আহত হন। প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হলে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, আমরা ঘটনাস্থলে এসেছি। তার পূর্বের স্ত্রীর সঙ্গে বিরোধ ছিল এবং বনিবনা ছিল না বলে জানতে পেয়েছি। এছাড়া তিনি এখানে যাতায়াত করতেন। আমরা প্রাথমিকভাবে কোতোয়ালি থানার মাধ্যমে মোস্তাফিজুরের সাবেক স্ত্রীকে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় কারা জড়িত, তা পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে।




