ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক মানুষ ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এই অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (৫ জুন) থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে—এমন ৩৩ জন দক্ষ আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সাথে সরাসরি সীমান্ত চৌকিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
মো. আশিকউজ্জামান জানান, সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এই কৌশলকে কাজে লাগাতেই আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সীমান্তে সন্দেহজনক গতিবিধি দেখা মাত্র বা বিজিবির ডাক পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।





