গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের মণ্ডলপাড়ার (চরপাড়া) এলাকার বুরুঙ্গী বিলে এ ঘটনা ঘটে৷
শনিবার সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন– লাবু মিয়া (২৫), নিরব মিয়া (২০), বিপ্লব ওরফে ডিপজল (২৫)। তাদের মধ্যে দুই জনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নে ফুটানিবাজার ।
স্থানীয়রা ও ভুক্তভোগী নারী জানান , ভুক্তভোগী নারী রাতে ফোনে কথা বলছিলেন। নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে ঘর থেকে বের হয়ে উঠানে এসে কথা বলা শুরু করেন। এ সময় আগে থেকে প্রস্তুত কয়েকজন যুবক ওই নারীল মুখ চেপে ধরে বুরুঙ্গি বিলের নির্জন জায়গায় নিয়ে পালা ক্রমে ধর্ষণ করেন । এ সময় ভুক্তভোগী নারীর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের আটকে রাখে। এরপর পুলিশকে খবর দিলে শনিবার সকালে ওই তিন যুবককে
হেফাজতে নেয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আমরা খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।





