বাংলার বর্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা এবং উদ্যোক্তা চেতনাকে উদযাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বরঙ নীল উৎসব ২০২৬’ এবং ‘উদ্যোক্তা ভূমি’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, শিল্প প্রদর্শনী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান ও নাজিম হাসান সাত্তার, সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নওশাদ মোস্তফা, বিসিকের উপ-ব্যবস্থাপক নাসরিন সুলতানা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, সাংবাদিক শেখ সাইফুর রহমান, চিত্রশিল্পী জিয়া বিপ্লব এবং সঙ্গীতশিল্পী হোমায়েরা বশির।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, পারসোনার প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, দীপা খন্দকার, শবনম ফারিয়া এবং সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির কর্ণধার বিপ্লব সাহা স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনাকে এক মঞ্চে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নীল উৎসব কেবল একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, শিল্প ও সম্ভাবনাকে উদযাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম।’
আয়োজনে উদ্যোক্তা হিসেবে নাতাশা হায়াতকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ‘বিশ্বরঙ বর্ষামুখ ২০২৬’ ফটো কনটেস্টের চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীদেরও সম্মাননা জানানো হয়। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সেরা ১০ জন নারী, সেরা ৩ জন পুরুষ এবং সেরা ৩ জন কিডস প্রতিযোগীকে সার্টিফিকেট ও উত্তরীয় প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন (বিটিএস)-এর শিক্ষার্থীদের পরিবেশনা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়।
এছাড়া চিত্রশিল্পীদের লাইভ পেইন্টিং এবং ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬’-এ নির্বাচিত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে উপস্থিত দর্শনার্থীরা শিল্পীদের সৃষ্টিশীল কাজ উপভোগ করেন এবং তাদের উৎসাহ দেন।
পুরো অনুষ্ঠানজুড়ে প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন রীতি প্রভা ও সাদাব হাসমি।




