• ই-পেপার

ফের বাড়ল সোনার দাম

দাম বাড়ার পর আজ সোনার ভরি কত?

অনলাইন ডেস্ক
দাম বাড়ার পর আজ সোনার ভরি কত?

দেশের বাজারে গতকাল বৃহস্পতিবার আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ ‍জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ দিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গয়না বিক্রি হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না বিক্রি হচ্ছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি

২০২৫-২৬ অর্থবছর

অনলাইন ডেস্ক
৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি

শেষ মুহূর্তের জোরালো প্রচেষ্টায় সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রায় ৪ লাখ ২০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকার বিপরীতে ঘাটতি থাকছে প্রায় ৮০ হাজার কোটি টাকা। যদিও অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল, চলমান অর্থনৈতিক মন্দার কারণে এ ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন।

এনবিআর কর্মকর্তারা বলছেন, কঠোর নজরদারি, কর ফাঁকি রোধে অভিযান, উন্নত পরিকল্পনা এবং কর কমপ্লায়েন্স জোরদারের ফলে সম্ভাব্য বড় ঘাটতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে।

গত বুধবার নতুন অর্থবছর ২০২৬-২৭-এর রাজস্ব আহরণ কৌশল নির্ধারণে এনবিআরের আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের টাস্কফোর্সগুলো অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীরের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তিন বছরের একটি মধ্যমেয়াদি রাজস্ব কৌশল প্রণয়নের সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী তিন বছরের জন্য এমন একটি রাজস্ব কৌশল তৈরি করা হবে, যেখানে রাজস্ব আহরণের সম্ভাব্য উৎস এবং সরকারি ব্যয়ের অগ্রাধিকার খাত নির্ধারণ করা হবে।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুন পর্যন্ত রাজস্ব আহরণে উল্লেখযোগ্য গতি এসেছে। করের আওতা সম্প্রসারণ এবং রাজস্ব ফাঁকির সুযোগগুলো ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে।’ নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব জানান, বুধবার পর্যন্ত রাজস্ব আদায় দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার কোটি টাকা। অর্থবছরের শেষ দিনের হিসাব সমন্বয়ের পর আরো প্রায় ১০ হাজার কোটি টাকা যুক্ত হবে। ফলে মোট রাজস্ব আদায় ৪ লাখ ২০ হাজার কোটি টাকায় পৌঁছাবে। তিনি বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী প্রথম দিনেই এনবিআর কাজ শুরু করেছে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে লিখিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং গত তিন মাসে টাস্কফোর্সগুলোর কার্যক্রম ইতিবাচক ফল দিয়েছে।’

এনবিআর সূত্র জানান, শুল্ক ও ভ্যাট বিভাগ ইতোমধ্যে তাদের রাজস্ব আহরণ পরিকল্পনা চূড়ান্ত করেছে। আয়কর বিভাগও শিগগিরই তাদের কৌশল চূড়ান্ত করবে। এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, নতুন বাজেটে বিনিয়োগবান্ধব বিভিন্ন উদ্যোগের পাশাপাশি রাজস্ব বাড়ানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। টার্নওভারভিত্তিক ভ্যাটব্যবস্থা, খুচরা বিক্রেতাদের সরবরাহের ওপর ০.২ শতাংশ অগ্রিম আয়কর এবং কর ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থান রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হলো না

অনলাইন ডেস্ক
রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হলো না
সংগৃহীত ছবি

রপ্তানি আয়ের লক্ষ্য পূরণ হলো না। এমনকি আগের অর্থবছরে পণ্য রপ্তানি থেকে যে আয় হয়েছিল এবার অর্জিত আয় তার চেয়েও কম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত অর্থবছরে পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে দশমিক ৫৮ শতাংশ কম। আর সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তার চেয়েও প্রায় ১৩ শতাংশ কম হয়েছে রপ্তানি আয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ৫০০ কোটি ডলার। দেখা যাচ্ছে, লক্ষ্যের চেয়ে প্রায় ৭০০ কোটি ডলার রপ্তানি আয় কমেছে। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় এসেছিল ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার। আগের অর্থবছরের চেয়েও রপ্তানি আয় কমে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ দেশের রপ্তানিমুখী শিল্পে নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে পোশাক খাতের রপ্তানি কমে যায়। ইপিবির তথ্য বলছে, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে ৩ হাজার ৮৭০ কোটি ১১ লাখ ডলার আয় হয়েছে। যা আগের অর্থবছরের চেয়ে ১ দশমিক ৬৪ শতাংশ কম। ২০২৪-২৫ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে ৩ হাজার ৯৩৪ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিলেন এ খাতের রপ্তানিকারকরা। অর্থাৎ, রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক খাত থেকে আয় কমায় গত অর্থবছরে সামগ্রিক রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

কম্পানিগুলোর জন্য সংক্ষিপ্ত ত্রৈমাসিক প্রতিবেদন চালু করছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
কম্পানিগুলোর জন্য সংক্ষিপ্ত ত্রৈমাসিক প্রতিবেদন চালু করছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানিগুলোর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের বর্তমান পদ্ধতিতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এখন থেকে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক প্রতিবেদনের পরিবর্তে সংক্ষিপ্ত বা কনডেন্সড আর্থিক প্রতিবেদন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে আইপিও প্রক্রিয়া সহজ করা, কাগজনির্ভর কার্যক্রম কমিয়ে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এসব কথা বলেন।

তিনি বলেন, কমিশনের দায়িত্ব শুধু নিয়ন্ত্রণ করা নয়, বাজারের বিকাশে সহায়ক ভূমিকা পালন করাও সমান গুরুত্বপূর্ণ। স্টেকহোল্ডারদের সমস্যার সুনির্দিষ্ট সমাধান খুঁজে বের করাই নতুন কমিশনের প্রধান লক্ষ্য। তাই আমরা একটি ‘সল্যুশন মাইন্ডসেট’ নিয়ে কাজ করছি।

নিজের করপোরেট জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, লাফার্জের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি নিজেও নিয়ন্ত্রক সংস্থার অসংখ্য প্রশ্নের মুখোমুখি হয়েছেন। ফলে বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বাস্তব সমস্যা ও দুর্ভোগগুলো তিনি ভালোভাবেই বোঝেন।

মাসুদ খান বলেন, বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন জমা দিতে হয়। তবে আন্তর্জাতিক হিসাবমান ‘আইএএস-৩৪’ অনুসরণ করে সংক্ষিপ্ত আর্থিক প্রতিবেদন চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা আর পূর্ণাঙ্গ তিন মাসের রিপোর্ট চাইবো না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কনডেন্সড রিপোর্টিং চাই।

দেশে অনেক ভালো প্রতিষ্ঠান জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার কারণে শেয়ারবাজারে আসতে চায় না উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান জানান, আগামী সপ্তাহ থেকেই আইপিও বিধিমালা পর্যালোচনার কাজ শুরু হবে। এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), আইসিএবি এবং মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে যৌথ বৈঠক করবে কমিশন।

কমিশনের কার্যক্রম এখনো অনেকাংশে কাগজনির্ভর মন্তব্য করে তিনি জানান, সব রেগুলেটরি রিপোর্টিং ধীরে ধীরে ডিজিটাল করা হবে। এক্সবিআরএল, এক্সএমএলভিত্তিক রিপোর্টিং এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে তথ্য বিশ্লেষণও স্বয়ংক্রিয় করা হবে। এছাড়া গ্রাহকের স্বাক্ষরের অপব্যবহার রোধে ডিজিটাল ট্রেডিং ব্যবস্থার ওপর জোর দেন তিনি।

বাজারে ‘টি+১’ সেটেলমেন্ট চালুর বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়ে মাসুদ খান বলেন, এটি সময়ের দাবি। তবে শর্ট সেলিং বা স্ক্রিপ্ট নেটিংয়ের মতো বিষয়গুলোতে বাজারের পরিপক্কতা বিবেচনা করে এগোতে হবে। পাশাপাশি আইপিও অনুমোদন ও সার্ভেইলেন্সের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের সক্ষমতা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশন সব বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না; স্টক এক্সচেঞ্জের দায়িত্ব তাদেরই পালন করতে হবে।

মাসুদ খান আরো বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এখনো খুচরা বিনিয়োগকারীনির্ভর। দীর্ঘমেয়াদে বাজারকে শক্তিশালী করতে মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ অত্যন্ত জরুরি। অতীতে কয়েকটি বড় ফান্ডের অনিয়মের কারণে পুরো শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিকিউরিটিজ ট্রাইব্যুনালকে কার্যকর করা এবং প্রয়োজনে বিশেষায়িত আদালত গঠনের বিষয়েও কাজ করছে কমিশন।

এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের মূলধন বা মুনাফা ফেরত নেওয়ার জটিলতা দূর করা এবং মূলধনী মুনাফা (ক্যাপিটাল গেইন) কর নির্ধারণের বর্তমান পদ্ধতি সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কাজ করা হবে বলে তিনি জানান। পরিশেষে, বাজারকে দীর্ঘমেয়াদে টেকসই করতে বিনিয়োগকারীদের আর্থিক শিক্ষা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বিএসইসি চেয়ারম্যান।