• ই-পেপার

গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে : মির্জা ফখরুল

ফটিকছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সভা

সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের নামে মামলা

অনলাইন ডেস্ক
সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের নামে মামলা
মোহাম্মদ মনজুর আলম

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা–কর্মীদের সভা ও মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় চট্টগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারও রয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাতে ফটিকছড়ি থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৮০–৯০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম (২৫)। মামলার আসামিদের তালিকায় তাঁদের নাম রয়েছে।

মামলার বাকি আসামিদের মধ্যে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম (৬২), সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার (৪০) ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের (৪০) নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সভার অনেক ছবি ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ‘বিশ্রামাগারে’ এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে রোসাঙ্গিরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজিমনগর এলাকায় নাজিরহাট–মাইজভাণ্ডার পাকা সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা মশাল হাতে একটি মিছিল বের করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা ব্যক্তিরা মশাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১ ও ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যান।

এজাহারে আরো উল্লেখ করা হয়, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্যের নির্দেশনায় তাঁরা জড়ো হন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানিয়েছেন। তাঁরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাষ্ট্রীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে চারটি বাঁশের তৈরি মশাল জব্দ করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংসদে আলোচনা করে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো উচিত ছিল : এহসানুল মাহবুব জুবায়ের

সাভার (ঢাকা) প্রতিনিধি
সংসদে আলোচনা করে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো উচিত ছিল : এহসানুল মাহবুব জুবায়ের
সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘সরকারের উচিত ছিল জাতীয় সংসদে আলোচনা করে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানো। সংসদকে পাশ কাটিয়ে মধ্যরাতে এ সিদ্ধান্ত নিয়েছে। দিনের বেলায়ও সিদ্ধান্ত নেয়নি। অথচ সরকার পক্ষ থেকে বলা আছে, সব বিষয়ে আলোচনার জন্য সংসদের মাধ্যমে সব বিষয় সমাধান করবে।

শুক্রবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা যুব বিভাগের উদ্যোগে সাভার সদর ইউনিয়নের চাপাইন নিউ মডেল স্কুল মাঠে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,  ‘প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি হয়েছে, দেশে নিরাপত্তা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সারা দেশে খুন, গুম, ধর্ষণ হচ্ছে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে।’

দেওয়ালে পিঠ ঠেকে গেলে আন্দোলনে নামবেন জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, তাদের ওপর নিষেধাজ্ঞা আছে, তারা গণহত্যাকারী দল।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া বিভাগের ঢাকা জেলার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌরসভার নায়েবে আমির অধ্যাপক মো. মনসুর আলী, সাভার থানার সেক্রেটারি মো. শরিফুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহীম প্রমুখ। 

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুর প্রতিনিধি
বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে। এই বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

শুক্রবার (৫ জুন) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীর খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।’

এই অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিবিতে যোগদান করেন।

আইভীর বাড়ির সামনে কর্মীর ভিড়, সিসি ক্যামেরায় নজরদারি

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
আইভীর বাড়ির সামনে কর্মীর ভিড়, সিসি ক্যামেরায় নজরদারি
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে নিজ বাসভবনে ফিরেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তবে তার কারামুক্তির পর রাজনৈতিক অঙ্গণ ও সাধারণ মানুষের আগ্রহের পাশাপাশি আলোচনার কেন্দ্রে এসেছে তার বাসভবন ‘চুনকা কুটির’-এর সামনে কর্মী-সমর্থকদের ভিড় এবং আশপাশে পুলিশের স্থাপন করা সিসি ক্যামেরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার পর নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটিরে সরেজমিনে গিয়ে এই পরিস্থিতি দেখা যায়। এর আগে বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান আইভী। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাসভবন চুনকা কুটিরে পৌঁছান। কারামুক্তির পরপরই বুধবার রাতে চুনকা কুটিরের সামনে এবং আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ।

আরো পড়ুন
পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আগে থেকেই আমাদের নারায়ণগঞ্জ সদর এলাকাকে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা ছিল। শহরের মধ্যে আমরা ২০০০ আধুনিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করব। বিশেষভাবে আইভী জামিনে বের হওয়ার পরে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যাতে এখানে এসে সংগঠিত হতে না পারে, সে বিষয়টি নজরদারিতে রাখতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

আইভীর পরিবারের সদস্যরা জানান, নিরাপত্তাজনিত কারণে বাসায় আগত দর্শনার্থীদের সংখ্যা সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে। এরপরও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখতে এবং শুভেচ্ছা জানাতে আসছেন। এ সময় আইভীর স্বজন ও ঘনিষ্ঠজনদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাদির এবং সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।

তারা জানান, কারাগারে থাকাকালে তিনি নিয়মিত নামাজ, দোয়া ও দুরুদ শরিফ পাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুশীলনে সময় কাটিয়েছেন। বন্দিত্বের সময়কে তিনি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেছেন। ফলে কারামুক্তির পর প্রথম দিনটিতে তার মধ্যে রাজনৈতিক কর্মসূচি বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো তৎপরতা দেখা যায়নি। দীর্ঘ বন্দিজীবনের অভিজ্ঞতা, আত্মসমালোচনা, আধ্যাত্মিক উপলব্ধি এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা গ্রহণের মধ্য দিয়েই কেটেছে তার দিন।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ের তিনটি হত্যা মামলা, দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েকটি মামলায় জামিন পেলেও পরবর্তীতে নতুন মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর তার মুক্তির পথ সুগম হয়।

আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে দেশের আলোচিত স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।