ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘স্বাস্থ্য কার্ড’ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এই কার্ড তুলে দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সহযোগিতায় এবং ডিএসসিসির ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে এই স্বাস্থ্য কার্ড দেওয়া হয়।
পরিচ্ছন্নতাকর্মীরা বিনা মূল্যে এই স্বাস্থ্য সেবা কার্ড পাচ্ছেন। এই কার্ডের আওতায় পরিচ্ছন্নতাকর্মী ও তাঁদের পরিবারের ছয়জন সদস্য পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা পাবেন। স্কিমের প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে—দেশের ৪৫০টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। এ ছাড়া কোনো পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

