• ই-পেপার

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ নারী সাহাবি

কোরআন থেকে শিক্ষা

পর্ব-১১৬৮

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুত্তাকি হওয়ার শক্তিদান করেন। তারা কি শুধু এ জন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের নিকট এসে পড়ুক আকস্মিকভাবে? কিয়ামতের লক্ষণগুলো তো এসেই পড়েছে! কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে! (সুরা : মুহাম্মদ, আয়াত : ১৭-১৮)

আয়াতদ্বয়ে ধর্মীয় জ্ঞানচর্চা ও কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

 

১. যারা সুপথ লাভের উদ্দেশ্যে ধর্মীয় জ্ঞান চর্চা করে আল্লাহ তাদের সুপথ দান করেন। আর যারা অন্তরের বক্রতা নিয়ে তা চর্চা করে তাদের বিভ্রান্তি বাড়ে।

২. আয়াতে ইঙ্গিত মেলে তাকওয়া বা আল্লাহভীতি দ্বিনদারি ও হেদায়েতের উচ্চতর স্তর।

৩. রাসুলুল্লাহ (সা.)-এর আগমন কিয়ামতের একটি নিদর্শন। কেননা তাঁর মাধ্যমে নবুয়তের ধারা শেষ হয়েছে।

৪. নবীদের ভেতর রাসুলুল্লাহ (সা.) যেভাবে কিয়ামতের নিদর্শন বর্ণনা করেছেন অন্য কোনো নবী সেভাবে করেননি। তিনি এমনটি করার কারণ হলো তাঁর পর আর কোনো নবী আসবেন না।

৫. রাসুলে আকরাম (সা.) মধ্যমা ও তাঁর পাশের আঙুলদ্বয় উঠিয়ে বলেছিলেন, আমি ও কিয়ামত এই দুই আঙুলের মতো নিকটবর্তী হয়ে প্রেরিত হয়েছি। (তাফসিরে ইবনে কাসির : ১০/২৭৯)

রাশিয়ায় আরবি ভাষা শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক

ইসলামী জীবন ডেস্ক
রাশিয়ায় আরবি ভাষা শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক

অনারবিভাষীদের জন্য আরবি ভাষা শিক্ষাকে আরো কার্যকর, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক। রাশিয়ার মুসলিমদের কেন্দ্রীয় ধর্মীয় প্রশাসনের অধিভুক্ত রাশিয়ান ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে রাশিয়া, ভারত, জর্দান, গিনিসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নেন।

বিভিন্ন শিক্ষাগত প্রেক্ষাপটে অনারবিভাষীদের আরবি শিক্ষাদান : আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সহযোগিতার সম্ভাবনা শীর্ষক এই আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে রাশিয়ান ইসলামিক ইউনিভার্সিটির উপাচার্য ড. রুসলান সিয়াখভ আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক জোরদার এবং যৌথ শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাপী আরবি ভাষা শিক্ষার মানোন্নয়নে আন্তর্দেশীয় সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের কোনো বিকল্প নেই।

বৈঠকে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদেশি ভাষা হিসেবে আরবি শিক্ষাদানের বিভিন্ন মডেল বিশ্লেষণ করেন। পাশাপাশি আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষণ-পদ্ধতির উন্নয়ন নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফল তুলে ধরেন। ভারতের মাদিন ইসলামিক কালচার ইউনিভার্সিটির বহিঃসম্পর্ক বিভাগের পরিচালক অধ্যাপক ড. আব্দুল জলিল আল-আজহারি আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থায় আরবি ভাষা শিক্ষাদানে ভারতের অভিজ্ঞতা নিয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। তিনি বহুভাষিক সমাজে আরবি শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে রাশিয়ান ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়, প্রশ্নোত্তর এবং আরবি ভাষা শিক্ষা ও ইসলামী অধ্যয়নের সমসাময়িক ধারা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। আন্তর্জাতিক অতিথিরা অনুষ্ঠানের উচ্চমানের আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আরবি ভাষা শিক্ষা ও ইসলামী অধ্যয়নের ক্ষেত্রে রাশিয়ান ইসলামিক ইউনিভার্সিটির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। সূত্র : আলোকা নেটওয়ার্ক

অহেতুক বিতর্কে বহু ধরনের ক্ষতি

আশরাফুন নাঈম
অহেতুক বিতর্কে বহু ধরনের ক্ষতি

তর্কপ্রিয় মানুষ মহান আল্লাহর কাছে অপছন্দনীয়। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো কঠিন ঝগড়াটে ব্যক্তি।

(বুখারি, হাদিস : ২৪৫৭)

পক্ষান্তরে যে ব্যক্তি তর্ক করে না, তার জন্য পরকালীন জীবনে আছে জান্নাত। আবু উমামাহ বাহেলি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘর দেওয়ার জামিন হচ্ছি, যে হক হওয়া সত্ত্বেও ঝগড়া বর্জন করে। ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি, যে উপহাসছলেও মিথ্যা বলা বর্জন করে। আর ওই ব্যক্তির জন্য জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি, যার চরিত্র উত্তম। (আবু দাউদ, হাদিস : ৪৮০০)

শত্রুতা সৃষ্টি হয় : মন্দ বিতর্কের ফলে কখনো কখনো প্রাচীন বন্ধুত্ব ও সুদৃঢ় বন্ধন ছিন্ন হয়ে যায়। কখনো বিপক্ষ দলের ওপর চড়াও হওয়ার মানসিকতা তৈরি হয়। ফলে উভয়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়।

কল্যাণ থেকে বঞ্চিত হওয়া : আল্লাহ তাআলা শবেকদরের মতো মহান রাতের সুনির্দিষ্ট সময়ের বিষয়টি শুধু বিতর্ক বা ঝগড়ার কারণে তুলে নেন। (বুখারি, হাদিস : ৪৯)

শয়তানের সুযোগ সৃষ্টি : বিতর্কের সময় ব্যক্তি তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করে। হোক সেটা বৈধ বা অবৈধ উপায়। সেই সুযোগে শয়তান যেকোনো ব্যক্তিকে বিভ্রান্তিতে ফেলে দেয়। এ বিষয়ে মুসলিম ইবনু ইয়াসার বলতেন, তোমরা অবশ্যই ঝগড়া-বিবাদ থেকে সাবধান থাকবে। কেননা এটি একজন আলেমের অজ্ঞতার মুহূর্ত। আর এই মুহূর্তে শয়তান এর দ্বারা তার ত্রুটি বা বিভ্রান্তি কামনা করে।

(সুনানে দারেমি, হাদিস : ৪১৯)

হেদায়েতপ্রাপ্তিতে অন্তরায় : রাসুলুল্লাহ (সা.) বিতর্ক বা ঝগড়াকে হেদায়েতপ্রাপ্তদের বিভ্রান্ত হওয়ার মূল কারণ বলে উল্লেখ করেছেন। আবু উমামা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো সম্প্রদায়ের সুপথপ্রাপ্ত হওয়ার পরে বিভ্রান্ত হওয়ার একটিই কারণ যে তারা ঝগড়া বা বিতর্কে লিপ্ত হয়ে পড়ে। অতঃপর রাসুল (সা.) এই আয়াত পাঠ করলেন—‘তারা কেবল তোমার সঙ্গে ঝগড়ার জন্যই এ কথা বলে; বরং তারা হলো ঝগড়াকারী সম্প্রদায়। (সুরা : ঝুখরুফ, আয়াত : ৫৮), (তিরমিজি, হাদিস : ৩২৫৩)

আল্লাহর নিকট ঘৃণিত হওয়া : ঝগড়া বা বিতর্ককারী আল্লাহ ও তাঁর রাসুলের কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রাসুল (সা.) বলেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত, যে অতি ঝগড়াটে। (বুখারি, হাদিস : ২৪৫৭)

আল্লাহর রোষানলে পতিত হওয়া : কোনো অবস্থায়ই অন্যায় বিষয়ে তর্কবিতর্ক করা উচিত নয়। আর যে ব্যক্তি এই কাজ করবে সে আল্লাহর রোষানলে পড়বে। কেননা রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি জেনেশুনে কোনো বাতিল (অন্যায়) বিষয়ে তর্কবিতর্ক করে, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর রোষানলে থাকে, যতক্ষণ না সে তা বর্জন করে।

(আবু দাউদ, হাদিস : ৩৫৯৭)

আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত : যারা অন্যায়ভাবে বিতর্ক বা ঝগড়া করবে তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে। রাসুল (সা.) বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার আমল পেশ করা হয়, অতঃপর আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন, যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, তবে ঝগড়াকারী দুই ব্যক্তি ছাড়া। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, এদের অবকাশ দাও, যতক্ষণ না তারা মীমাংসা করে নেয়।

(মুসনাদ আহমাদ, হাদিস : ৭৬২৭)

জাহান্নামে প্রবেশ : তর্কবিতর্কের মতো গর্হিত কাজ যে ব্যক্তির কাছে প্রিয় হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এ সম্পর্কে একটি হাদিসে এসেছে, জাবের বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন, তোমরা আলেমদের মাঝে গর্ব করা, অজ্ঞদের সঙ্গে বিতর্ক করা এবং (প্রসিদ্ধ) মজলিস লাভ করার উদ্দেশ্যে ইলম শিক্ষা কোরো না। যে ব্যক্তি তা করে (তার জন্য) জাহান্নাম, জাহান্নাম।

(ইবনে মাজাহ, হাদিস : ২৫৪)

পরিশেষে কথা বলা বা বিতর্ক হতে হবে উত্তম পন্থায়। যেন এতে কারো ক্ষতি না হয়। মানসিকভাবে কেউ যেন আঘাত না পায়। কাউকে খাটো করা না হয় বা তাদের প্রতি ঠাট্টা-বিদ্রুপ প্রকাশ না পায়। মহান আল্লাহ বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহবান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে বিতর্ক করো উত্তম পন্থায়। নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালোভাবেই জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে। (সুরা : নাহল, আয়াত : ১২৫)

তুরস্কে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রধানদের প্রথম আন্তর্জাতিক বৈঠক

ইসলামী জীবন ডেস্ক
তুরস্কে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রধানদের প্রথম আন্তর্জাতিক বৈঠক

তুরস্কের গাজিয়ানতেপ শহরে ইসলামী বিশ্বের উচ্চশিক্ষা খাতে সহযোগিতা ও সমন্বয়ের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের আন্তর্জাতিক পরামর্শমূলক সভায় বিশ্বের ৪৩টি দেশের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ১০০ জনেরও বেশি উপাচার্য, বিশ্ববিদ্যালয় সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অংশ নিয়েছেন।

এই ঐতিহাসিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ইসলামী বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, উচ্চশিক্ষার মানোন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণ এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর কৌশল নির্ধারণ করা। পাশাপাশি যৌথ গবেষণা সম্প্রসারণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের ফাঁকে সৌদি আরব, ফিলিস্তিন, মিসর, লিবিয়া, লেবানন, ভারত, থাইল্যান্ড, সার্বিয়া, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধানদের মধ্যে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে একাডেমিক সহযোগিতার পরিধি আরো বিস্তৃত করা, গবেষণাভিত্তিক অংশীদারি গড়ে তোলা এবং ইসলামী বিশ্বের উন্নয়নে যৌথ বৈজ্ঞানিক প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল গাজা উপত্যকার শিক্ষাব্যবস্থা রক্ষা। অংশগ্রহণকারী শিক্ষাবিদরা যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেও গাজার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তুরস্কের উচ্চশিক্ষা পরিষদের প্রধান গাজার বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে ইসলামী বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সম্মিলিত দায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও যেন গাজার শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ ও কার্যকর সহযোগিতা জরুরি।