শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করার অভিযোগ উঠেছে বিএনপির একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এই মিছিল হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলায় গত পরশু দিন সোমবার রাতে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ।
ঈশ্বরদী ইপিজেড
ফটকে দাঁড়িয়ে শত শত পণ্যভর্তি লরি
আ. লীগ নেতার মুক্তি দাবিতে মিছিল

স্ত্রীকে পুড়িয়ে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী আলাল শেখকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। জানা গেছে, উপজেলার রহিমপুর এলাকায় ২০০৮ সালের ২৬ মে আলাল শেখ যৌতুকের দাবিতে তাঁর স্ত্রী নাইফুল বেগমকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। অন্যদিকে একই দিনে একই আদালত দেওয়ানগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় রাজিব হোসেন (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত রাজিব বাঘারচর গ্রামের জসিজল হকের ছেলে।
হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রতিমন্ত্রীর

টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী স্থানীয় এমপি সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। গতকাল বুধবার হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিক জনবল অনুপস্থিত দেখতে পান তিনি। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপপরিচালক ডা. কামরুল কিবরিয়াকে তাত্ক্ষণিকভাবে শোকজের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিলের নির্দেশনা দেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর দুই সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গত মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান আনন্দ মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার দিবাগত রাতে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ করিম বাবু নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। উপজেলার বালুয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ পূর্ব ভালুকা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
