• ই-পেপার

চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বিআরটিএর ওয়েবসাইট নকল করে প্রতারণা

নবীনগরে গোলাগুলি

গুলিবিদ্ধ ও নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
গুলিবিদ্ধ ও নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার
রিফাত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়াইল দাসপাড়ায় গত রবিবার রাতে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ ও নিখোঁজ থাকা রিফাতের (২৮) ক্ষতবিক্ষত লাশ গত মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। নরসিংদী সদর থানার ওসি এম আর আল মামুন বলেন, “মৃতের বোন সন্ধ্যায় এসে নিহত রিফাতকে তাঁর ‘ভাই’ হিসেবে শনাক্ত করেছেন। এখন মরদেহের পোস্টমর্টেম করার পর যথাযথ মৃতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।” নিহত রিফাতের বোন মুক্তা বেগম রাতে কান্নায় ভেঙে পড়ে কালের কণ্ঠকে বলেন, ‘আমরা লাশ বাড়িতে নিয়ে দাফনের পর এ বিষয়ে মামলা করব।’ উল্লেখ্য, নিহত রিফাতের স্ত্রী ও তিন মাস বয়সী একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জের ধরে রবিবার দাসপাড়ায় রিফাতের প্রতিপক্ষ মনেক ডাকাতের সশস্ত্র লোকজনের প্রচণ্ড গোলাগুলিতে কণিকা দাস (৪০) নামের এক নারী আহত হন। ওই গোলাগুলিতে রিফাত গুলিবিদ্ধ হন। দুই দিন পর মঙ্গলবার নরসিংদীর করিমপুল এলাকায় মেঘনা নদী থেকে রিফাতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী।

তিনি দুই বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব ছাড়তে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

 

পরিচ্ছন্নতাকর্মীদের প্রথম স্বাস্থ্য কার্ড দিল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
পরিচ্ছন্নতাকর্মীদের প্রথম স্বাস্থ্য কার্ড দিল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এই কার্ড তুলে দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সহযোগিতায় এবং ডিএসসিসির ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে এক হাজার পরিচ্ছন্নতাকর্মীকে এই স্বাস্থ্য কার্ড দেওয়া হয়।

পরিচ্ছন্নতাকর্মীরা বিনা মূল্যে এই স্বাস্থ্য সেবা কার্ড পাচ্ছেন। এই কার্ডের আওতায় পরিচ্ছন্নতাকর্মী ও তাঁদের পরিবারের ছয়জন সদস্য পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা পাবেন। স্কিমের প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছেদেশের ৪৫০টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। এ ছাড়া কোনো পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাজে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাজে অনিয়ম

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের পুনর্নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। অভিযোগে উল্লেখ করা হয় পুরনো প্লাস্টার ভেঙে নতুন প্লাস্টার, রঙের কাজ, দরজা-জানালা পরিবর্তন, স্যানিটারি কাজ ও জলছাদে অত্যন্ত নিম্নমাণের নির্মাণসামগ্রী ব্যবহার করছেন ঠিকাদার। তাই ৯ লাখ টাকা ব্যয়ের এই কাজটি ফের করার দাবিও জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার কাজটি সরেজমিনে তদন্ত করেন বরিশাল স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল আলম।