• ই-পেপার

ছয় পবিত্রতায় মুমিনের পরিশুদ্ধি

কোরআন থেকে শিক্ষা

পর্ব-১১৫৮

কোরআন থেকে শিক্ষা

আয়াতের অর্থ

স্মরণ কোরো, আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা, যার আগে ও পরেও সতর্ককারীরা এসেছিল। সে তার আহকাফবাসী সম্প্রদায়কে সতর্ক করেছিল এই বলে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত কোরো না। আমি তো তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি।...অতঃপর তাদের পরিণাম এই হলো যে তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই রইল না। এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। (সুরা : আহকাফ, আয়াত : ২১-২৫)

আয়াতগুলোতে আদ জাতির ঘটনা বর্ণনা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. আয়াতে আদ সম্প্রদায়ের ভাই দ্বারা হুদ (আ.) উদ্দেশ্য। আদ জাতি আহকাফ নামক স্থানে বসবাস করত। হুদ (আ.)-কে প্রথম তাদের কাছে প্রেরণ করা হয়েছিল।

২. আহকাফ অর্থ বালুর পাহাড়। আলী (রা.) বলেন, আহকাফ হাজারা মাউতের বায়হুত নামক স্থানের একটি উপত্যকা।

৩. রাসুলুল্লাহ (সা.) হুদ (আ.)-এর জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ! আমাদের প্রতি ও আদ জাতির ভাইয়ের প্রতি রহম করুন।

৪. আদ জাতি আল্লাহর শাস্তিকে অসম্ভব মনে করত। আল্লাহ শাস্তি দিয়ে তাদের বিশ্বাসকে ভ্রান্ত প্রমাণ করেন।

৫. আয়েশা (রা.) বলেন, আকাশে মেঘ বা ঝোড়ো বাতাস দেখলে মহানবী (সা.) চিন্তিত হতেন এবং তাঁর চেহারার
রং পরিবর্তন হয়ে যেত।

(তাফসিরে ইবনে কাসির : ১০/২২৪)

মনীষীর কথা

মনীষীর কথা

তিনটি বিষয়ের মাধ্যমে দ্বিনের ওপর দৃঢ়তা অর্জিত হয় : ক. বাহ্যিক শিষ্টাচার, খ. অন্তরের পরিশুদ্ধি, গ. আল্লাহর নৈকট্য ও ভালোবাসা।

আবু আলী দাক্কাক (রহ.)

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

ব্রেইন স্ট্রোকের রোগীর নামাজ

প্রশ্ন : আমার বাবার বয়স ৮০-৮৫ বছর। ব্রেইন স্ট্রোকের রোগী। কথা মনে থাকে না, বিছানায়ই প্রাকৃতিক ডাকের সাড়া দিতে হয়। কথা গুছিয়ে বলতে পারেন না। আবোল-তাবোল কথা বলেন। এক কথা থেকে অন্য কথায় চলে যান। বিছানা থেকে উঠে অজু করার ক্ষমতা তাঁর নেই। মানুষ কোনো সময় চেনেন, কোনো সময় চেনেন না। কখনো ২৪ ঘণ্টাই ঘুমান না, আবার কখনো টানা ঘুমাতে থাকেন। এককথায় তিনি একেবারেই অস্বাভাবিক। দুই বছর ধরে তাঁর অবস্থা একই রকম। এই মুহূর্তে তাঁর মৃত্যু হলে তাঁর নামাজের কাফফারা সম্পর্কে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

শফিকুল আলম, মাদারীপুর

উত্তর : প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার বাবা যেহেতু বেশির ভাগ সময় বিবেক-বুদ্ধিহীন অবস্থায় থাকেন, তাই তিনি মাজুর হিসেবে গণ্য হবেন। এ অবস্থায় কেউ তাঁকে নামাজের কথা স্মরণ করিয়ে দিলে যদি স্বজ্ঞানে নামাজ পড়তে পারেন, তাহলে তাঁকে স্মরণ করিয়ে দেওয়া আবশ্যক। তবে যদি স্মরণ করিয়ে দেওয়ার পরও তিনি স্বজ্ঞানে নামাজ পড়তে সক্ষম না হন, তবে ওই নামাজগুলো মাফ হয়ে যাবে। এ অবস্থায় মৃত্যু হলে ছুটে যাওয়া নামাজসমূহের কাফফারা আদায় করতে হবে না। (সুরা : বাকারা : ২৮৬, রদ্দুল মুহতার : ২/১২, হিন্দিয়া : ১/১৩৭)

যুক্তরাজ্যে মসজিদের নিরাপত্তা বিষয়ে নতুন নির্দেশনা

নিহার মামদুহ
যুক্তরাজ্যে মসজিদের নিরাপত্তা বিষয়ে নতুন নির্দেশনা

যুক্তরাজ্যের মুসলিমদের সর্ববৃহৎ প্রতিনিধিত্বশীল সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) সে দেশের মসজিদ ও কমিউনিটি সেন্টারগুলোর জন্য হালনাগাদ মসজিদ নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশিকা প্রকাশ করেছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে ১৯ জুন ২০১৭ সংঘটিত ভয়াবহ ফিন্সবুরি পার্ক সন্ত্রাসী হামলার নবম বার্ষিকী সামনে রেখে। ২০১৭ সালের ওই হামলায় এক উগ্র ডানপন্থী সন্ত্রাসী ইচ্ছাকৃতভাবে একটি ভ্যান চালিয়ে লন্ডনের ফিন্সবুরি পার্ক মসজিদ ও মুসলিম ওয়েলফেয়ার হাউসের কাছে অবস্থানরত মুসল্লিদের ওপর তুলে দেয়। এতে ৫১ বছর বয়সী মাকরাম আলী নিহত হন এবং আরো ১২ জন গুরুতর আহত হয়।

সেই মর্মান্তিক ঘটনার ৯ বছর পরও ব্রিটিশ মুসলিমদের জন্য উগ্র ডানপন্থী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সন্ত্রাসবাদের হুমকি ক্রমবর্ধমান বলে মনে করছে এমসিবি। এই হুমকির মধ্যে শুধু ব্যাপক প্রাণহানির সন্ত্রাসী হামলাই নয়, বরং ধারাবাহিকভাবে ঘটে চলা ভাঙচুর, ভীতি প্রদর্শন, হুমকি ও ইসলামবিদ্বেষমূলক ঘৃণাজনিত অপরাধও অন্তর্ভুক্ত। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত তিন মাসে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য মুসলিমবিরোধী ঘটনা ঘটেছে। পরিসংখ্যানে দেখা গেছে, গড়ে প্রতি সপ্তাহে অন্তত একটি করে ঘটেছে। এ ধরনের ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলাগুলোর বিষয়ে এমসিবি স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী স্টিভ রিডের কাছেও উদ্বেগ প্রকাশ করেছে।

নতুন নির্দেশিকাটি মসজিদের ট্রাস্টি, স্বেচ্ছাসেবক এবং কর্মীদের জন্য বাস্তবধর্মী নিরাপত্তাব্যবস্থা গ্রহণের সহায়ক উপকরণ হিসেবে তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হলো মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা, মসজিদ ও কমিউনিটি সেন্টারের ভৌত নিরাপত্তা জোরদার করা এবং আধুনিক ডিজিটাল হুমকির মোকাবেলায় প্রস্তুতি বাড়ানো।

এতে জরুরি যোগাযোগ তালিকা, সরিয়ে নেওয়ার পথ এবং দ্রুত সতর্কতামূলক হোয়াটসঅ্যাপ বার্তা প্রেরণ করার নির্দেশনা রয়েছে, যাতে কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও কর্মীরা প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে কার্যকর করতে পারেন। এতে আরো আছে অনুপ্রবেশকারীদের হাত থেকে মসজিদ রক্ষা, ক্ষতিকর ডাক বা পার্সেল মোকাবেলা, সাইবার নিরাপত্তা এবং ঘৃণাজনিত অপরাধের অভিযোগ কিভাবে জানাতে হবে সে সম্পর্কিত নির্দেশনা।

এমসিবির মহাসচিব ড. ওয়াজেদ আখতার বলেন, ১৯ জুন ফিন্সবুরি পার্ক সন্ত্রাসী হামলার বার্ষিকী ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ও দোয়া রয়েছে চাচা মাকরাম আলীর পরিবার, হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং তাদের পরিবারের সঙ্গে। সেই রাতের বিভীষিকা এখনো আমাদের সম্মিলিত স্মৃতিতে অম্লান। এটি আমাদের মনে করিয়ে দেয় যখন বিষাক্ত ও নিয়ন্ত্রণহীন ইসলামবিদ্বেষ সমাজে ছড়িয়ে পড়তে দেওয়া হয়, তখন তার পরিণতি কত ভয়াবহ হতে পারে।

সূত্র : এমসিবি ডটঅর্গ ডটইউকে