দুই দেশের মধ্যে যুদ্ধ শেষ করার বিষয়ে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি মুখোমুখি আলোচনার অনুরোধ করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার সঙ্গে সাক্ষাতের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। গত বৃহস্পতিবার এক খোলা চিঠিতে জেলেনস্কি পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান।
তিনি বলেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধকে আবারও যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফেরার অপেক্ষায় বসে থাকা ঠিক হবে না। চিঠিতে জেলেনস্কি যুদ্ধবিরতিরও আহ্বান জানান। তবে তার বক্তব্যে দৃঢ় অবস্থানের পাশাপাশি কিছুটা ব্যঙ্গাত্মক সুরও ছিল। এর জবাবে পুতিন চিঠিটিকে ‘অভদ্র’ বলে মন্তব্য করেন এবং বৈঠকের প্রস্তাব নাকচ করে দেন।
তিনি আবারও বলেন, যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনা হওয়া উচিত এবং আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খুঁজতে হবে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিজ্ঞাসা করা হয়, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব গ্রহণ করবেন কি না।
জবাবে পুতিন বলেন, ‘আপাতত এর কোনো অর্থ আমি দেখি না।’
তিনি আরো বলেন, ‘এটি কি সত্যিই মুখোমুখি বৈঠকের জন্য পরিস্থিতি তৈরি করার চেষ্টা ছিল, নাকি বৈঠক এড়ানোর একটি উপায় ছিল? আমার মনে হয়, এটি দ্বিতীয়টিই ছিল।’ পুতিনের এই মন্তব্যের পর জেলেনস্কি অভিযোগ করেন, ‘রাশিয়া আবারও যুদ্ধের পথই বেছে নিচ্ছে।’
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘তিনি যুদ্ধ শেষ করতে চান না। আমার মনে হয়, এই উত্তরে বিশ্বের অনেক মানুষ হতাশ হয়েছেন।’ জেলেনস্কির চিঠির বিষয়ে মন্তব্য করতে গিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতি হলে ইউক্রেন নিজেদের পুনর্গঠনের সুযোগ পাবে, কিন্তু মস্কোর উত্থাপিত শর্তগুলো এখনো পূরণ হয়নি।
পুতিনের ভাষায়, ‘ইউক্রেন যদি আমাদের সেনাবাহিনীর অগ্রযাত্রা থামাতে চায়, তাহলে শুধু সাময়িক যুদ্ধবিরতি যথেষ্ট নয়। আমাদের তিন বা ছয় মাসের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রয়োজন।’
তিনি আরো বলেন, বিশেষজ্ঞদের আগে সমাধানের পথ বের করতে দেওয়া উচিত। এরপর দুই পক্ষ বৈঠকে বসতে পারে।
রুশ প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, রাশিয়া তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারলেই যুদ্ধ শেষ করবে। তিনি বলেন, ‘সামরিক অভিযান একদিন অবশ্যই শেষ হবে। তবে আমরা নিজেদের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা অর্জিত হলেই এর সমাপ্তি ঘটবে।’
রাশিয়ার দীর্ঘদিনের দাবি, ইউক্রেনকে ডোনেটস্ক ওব্লাস্ট, লুহানস্ক ওব্লাস্ট, খেরসন ওব্লাস্ট এবং জাপোরিঝিয়া ওব্লাস্ট অঞ্চল থেকে সামরিক প্রত্যাহার করতে হবে। এ ছাড়াও দেশটি ন্যাটোতে যোগদানের পরিকল্পনাও ত্যাগ করতে হবে।
তবে ইউক্রেন এসব শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। কিয়েভের দাবি, রাশিয়াকে কোনো ভূখণ্ডগত ছাড় দেওয়া হলে ভবিষ্যতে তারা আরো আগ্রাসী হয়ে উঠতে পারে। ইউক্রেন মনে করিয়ে দিয়েছে, ক্রিমিয়া দখলের আট বছর পরই রাশিয়া ২০২২ সালে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছিল।
চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, ‘২৬ বছর ক্ষমতায় থাকার পর বয়সের প্রভাব এখন পুতিনের ওপর পড়তে শুরু করেছে।’ তিনি সাম্প্রতিক ইউক্রেনীয় হামলার কথাও উল্লেখ করেন, যার মধ্যে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে চালানো একটি হামলাকে তিনি ব্যঙ্গ করে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে বর্ণনা করেন।
এর জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, জেলেনস্কির চিঠিতে বেশ কিছু অভদ্র মন্তব্য ছিল। তবে জেলেনস্কির এই চিঠি কিছু মহলে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন আশা তৈরি করেছিল। এমনকি হোয়াইট হাউস থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া আসে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দুই নেতা যদি সরাসরি বৈঠকে বসেন, তাহলে সেটি দারুণ হবে।’
এদিকে ইউক্রেন শুক্রবার দাবি করেছে, তারা আজভ সাগর এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন উপকূলীয় জলসীমায় অবৈধ পণ্য বহনকারী পাঁচটি জাহাজে হামলা চালিয়েছে। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভডি বলেন, ওই জাহাজগুলো ইউক্রেনের শস্য চুরি এবং জ্বালানি ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজভ সাগরে দুটি জাহাজে হামলায় আজারবাইজানের পাঁচজন নিহত হয়েছেন। তবে হামলার জন্য তারা কাউকে দায়ী করেনি এবং জানিয়েছে, জাহাজ দুটি আজারবাইজানের মালিকানাধীন ছিল না।
এদিকে গত এক দিনে ইউক্রেনজুড়ে রাশিয়ার একাধিক হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরো ৭০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানী কিয়েভের বাইরে একটি দুগ্ধ কারখানায় হামলায় চারজন নিহত হন। এ ছাড়া দক্ষিণাঞ্চলের খেরসন শহরে একটি পেট্রোল স্টেশনে ড্রোন হামলায় ৩৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।