দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বোলিং তোপে বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। হেনরির ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্যে ২৫৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে কিউইরা।
ওভালে ৪৬৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ দিনে মাত্র ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শেষ দিনে মাত্র ৪৮ মিনিটের ব্যবধানে ইংল্যান্ডের বাকি ৫ উইকেট একাই তুলে নেন ম্যাট হেনরি।
প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ২৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। এর মাধ্যমে ম্যাচে ১০৯ রানে ১১ উইকেট নিয়ে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের কোনো বোলারের পক্ষে সর্বকালের সেরা ম্যাচ ফিগারের রেকর্ড গড়েন তিনি।
পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল ১৮২-৫। কিন্তু হেনরির নিখুঁত লাইন-লেন্থের সামনে তারা স্রেফ উড়ে যায় জো রুট। দিনের নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রুটকে (৭৭) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হেনরি।
রুটের বিদায়ের দুই বল পরেই আর্চারকে শূন্য রানে বোল্ড করেন। নিজের পরের ওভারে ম্যাথু ফিশার ও জশ টাঙ্গিকে টানা দুই বলে ফিরিয়ে কিউইদের জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান হেনরি।
শেষ পর্যন্ত জর্ডান কক্সকে একটি চমৎকার ইন-সুইঙ্গিং ইয়র্কারে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি টানেন কিইউ পেসার।
এই দুর্দান্ত জয়ের ফলে লর্ডসে প্রথম টেস্ট হারের পর ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। আগামী বৃহস্পতিবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টটি এখন রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।







