সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এরপর আর কখনো সোনালি ট্রফিটা স্পর্শ করা হয়নি সেলেসাওদের। তাই ‘হেক্সার’ স্বপ্নও পূরণ হয়নি। এবার সেই লক্ষ্য পূরণের শুরুটাও ভালো হয়নি তাদের। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করেছে তারা।
সে যাই হোক সবমিলিয়ে সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তার মধ্যে ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নেপথ্যের নায়ক ছিলেন কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। বিশ্বকাপজয়ী সেই কোচ এখন কঠিন সময় পার করছেন।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে আসা পেরেইরাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ২০২৩ সালে হজকিনস লিম্ফোমা ধরা পড়ে তার শরীরে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রিও ডি জেনেইরোর সামারিতানো বারা হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় তাকে।
এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ লিখেছে, ‘সামারিতানো বাররা হাসপাতাল জানাচ্ছে যে আইসিউতে ভর্তি পেরেইরা যন্ত্রের সহায়তায় শ্বাস নিচ্ছেন। রোগীর অবস্থা স্থিতিশীল। কবে সাধারণ কক্ষে স্থানান্তর করা হবে, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।’
কোচের শারীরিক অবস্থা নিয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিনহো বলেছেন, ‘কোচের অবস্থা ভালো নয়। ফুসফুসজনিত জটিলতা দেখা দিয়েছে এবং হাসপাতালে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা শুধু পেরেইরার জন্য প্রার্থনা করতে পারি।’
ব্রাজিলকে শুধু বিশ্বকাপই জেতাননি পেরেইরা, ২০০৪ কোপা ও ২০০৫ কনফেডারেশন কাপও জিতিয়েছেন। ৮৩ বছর বয়সী কোচের অধীনে ১৭৭ ম্যাচ খেলেছে ব্রাজিল। ১২৪ জয়ের বিপরীতে মাত্র ১৪ পরাজয় দেখেছে ব্রাজিল। বাকি ৩৯টি ড্র হয়েছে। নিজ দেশ ছাড়াও কুয়েত, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন তিনি।




