২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল বিশ্ব যখন উত্তেজনায় টগবগ করছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। তার একটি সাধারণ পারিবারিক ভিডিও পোস্ট ঘিরে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের নানা জল্পনা-কল্পনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে সম্প্রতি একটি ছোট ভিডিও শেয়ার করেন জর্জিনা। সেখানে দেখা যায়, তার এক কন্যাসন্তান ট্রাইসাইকেল চালিয়ে আনন্দ করছে। সাধারণ পারিবারিক মুহূর্তের সেই ভিডিওতে সবচেয়ে বেশি নজর কাড়ে শিশুটির পরা টি-শার্ট।
আরো পড়ুন
আজকের ম্যাচ নিয়ে কী ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষি
নীল-সাদা রঙের সেই পোশাকটি অনেক ভক্তই আর্জেন্টিনার জার্সির সঙ্গে মিল খুঁজে পান। সঙ্গে ছিল ডেনিম শর্টস। বিশ্বকাপ শুরুর ঠিক এই সময়ে পোস্টটি আসায় বিষয়টি দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
যদিও জর্জিনা তার পোস্টে বিশ্বকাপ, আর্জেন্টিনা বা কোনো জাতীয় দলের নাম উল্লেখ করেননি, তবুও অনেক ব্যবহারকারী এটিকে আর্জেন্টিনার প্রতি সমর্থনের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। কেউ কেউ আবার এটিকে লিওনেল মেসির প্রতি পরোক্ষ সমর্থন বলেও দাবি করেন।
আরো পড়ুন
টাকার অভাবে মাকে মাঠে নিতে পারেননি কেপ ভার্দের গোলরক্ষক
মূলত দীর্ঘদিনের মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বিতার কারণেই বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতা ছিল এই দুই মহাতারকার মধ্যে। যদিও ব্যক্তিগতভাবে দুজনই একে অপরের প্রতি সম্মান দেখিয়েছেন, তবুও ভক্তদের তুলনা আর বিতর্ক কখনও থামেনি।
এবারের বিশ্বকাপেও আবার একই মঞ্চে দেখা যাবে মেসি ও রোনালদোকে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে। কাতার বিশ্বকাপের স্মরণীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
আরো পড়ুন
বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট
অন্যদিকে পর্তুগাল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৭ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
বিশ্বকাপের মাঠে এখনও মেসি-রোনালদোর সরাসরি লড়াই শুরু না হলেও, সামাজিক মাধ্যমে তাদের ঘিরে উত্তেজনা যে আগের মতোই তুঙ্গে রয়েছে, জর্জিনার সাম্প্রতিক পোস্ট যেন সেটিই আবারও মনে করিয়ে দিল।
সূত্র: মার্কা