তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা বিবেচনায় এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে আরো সমৃদ্ধ করার সুযোগ পান।
পুরো আয়োজনটিতে সহযোগিতায় ছিলেন বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন–বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দের মধ্যে মো. সোলাইমান, মো. তানবির, সৈয়দ আহনাফ, জাহেদুল ইসলাম, সাইমুন ইসলাম শাকিব, মো. জাবেদ হোসেন, আব্বাস, নওরিন মুনিরা আনিকা, আফরিন গুহ, নাদিয়া, নুসরাত, পারভীন, মেহেরুন নেছা মনি, রুপ কুমার আইচ, মো. কাইয়ুমসহ শুভসংঘের বন্ধু ও স্বেচ্ছাসেবকরা।
চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন, ‘বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, যুগোপযোগী দক্ষতাও অর্জন করতে হবে। কম্পিউটার শিক্ষা বর্তমানে চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং এবং উচ্চশিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে আসছে। আমরা চাই তরুণরা প্রযুক্তি শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলুক এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।’
শুভসংঘ বন্ধু মো. সোলাইমান বলেন, ‘অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারে না। তাদের জন্য এই বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ তাদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রেও সহায়ক হবে।’
বক্তারা বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, ব্যবসা-বাণিজ্য, সরকারি ও বেসরকারি চাকরি—সবখানেই কম্পিউটার জ্ঞানের প্রয়োজন রয়েছে। তাই তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এমন প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী সুমাইয়া তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমরা অনেকেই কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক কারণে সুযোগ পাইনি। বসুন্ধরা শুভসংঘ আমাদের জন্য বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করায় আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কম্পিউটারের মৌলিক ব্যবহার, এমএস অফিস, ইন্টারনেট পরিচালনা, টাইপিং দক্ষতা এবং বিভিন্ন ডিজিটাল টুলস সম্পর্কে জানতে পারব, যা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়তা করবে।’
অনুষ্ঠানে উপস্থিত শুভসংঘের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা বলেন, সমাজের উন্নয়নে শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে। তারা সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের সফলতা ও দেশের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, বসুন্ধরা শুভসংঘের শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সংগঠনটি আরও ব্যাপক পরিসরে কাজ করবে।











