সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্বপূর্ণ মাধ্যম। বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন বক্তারা।।
শনিবার দুপুরে শরীয়তপুর কোর্ট এলাকায় অনুষ্ঠিত সভায় বসুন্ধরা শুভসংঘের বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেড.এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুভসংঘের সভাপতি মো. আব্দুল করিম।বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা এবং দৈনিক কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল করিম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি প্ল্যাটফর্ম। সমাজ পরিবর্তনে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি বিকাশের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছে।’ তিনি আরো বলেন, ‘স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মধ্যে সহযোগিতার মানসিকতা তৈরি করা সম্ভব।’
বিশেষ অতিথির বক্তব্যে শরিফুল আলম ইমন বলেন, ‘মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই একজন তরুণ প্রকৃত নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে। শুভসংঘের সদস্যদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। সংগঠনের প্রতিটি কার্যক্রম যেন মানুষের উপকারে আসে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
সভায় বক্তারা বলেন, ‘সমাজের বিভিন্ন সমস্যা সমাধান, মানবিক সহায়তা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। তরুণদের এগিয়ে আসার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।’
আলোচনা সভায় সংগঠনের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সাংগঠনিক শৃঙ্খলা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত সদস্যরা বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, অর্থ সম্পাদক মো. রিমন ঢালী, দপ্তর সম্পাদক ওমর বিন আলী, প্রচার সম্পাদক শাহিন আলম, অ্যাডভোকেট মৌসুমী আক্তার, অ্যাডভোকেট ইয়াকুব হোসাইন, অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট সজীব আহমেদ, অ্যাডভোকেট সরদার মো. রাসেল, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট রুবেল আরমান, শিক্ষানবিশ আইনজীবী সুমাইয়া শারমিন, মেহেদী হাসান, মুরাদ হোসেন, রেজা আহসান, সেতু আক্তার, শিক্ষার্থী মিম আক্তার, আশরাফুল রাসেল ও জীবন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।









