• ই-পেপার

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

পাঁচ প্রতিষ্ঠানকে অটোমেশনে নিয়ে তথ্যের স্বচ্ছতা বৃদ্ধির প্রকল্প নেওয়া হয়েছে : জোনায়েদ সাকি

অনলাইন ডেস্ক
পাঁচ প্রতিষ্ঠানকে অটোমেশনে নিয়ে তথ্যের স্বচ্ছতা বৃদ্ধির প্রকল্প নেওয়া হয়েছে : জোনায়েদ সাকি
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকারের পাঁচটি প্রতিষ্ঠানকে অটোমেশনে নিয়ে এসে অভ্যন্তরীণ আয় বাড়ানো, রাজস্ব আদায় সহজ করার পাশাপাশি তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি করতে প্রকল্প নেওয়া হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি বা সিটা নামের প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট ও আগামী বাজেটে এই প্রকল্পের সাফল্য দৃশ্যমান হবে। এর মাধ্যমে সরকারের আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

তিনি বলেন, সিটা প্রকল্পে ২৫ কোটি ডলার অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এই অর্থ ব্যয় হবে সরকারের পরিসংখ্যান ব্যুরো, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা বিভাগ, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানে।

‘ডিসকাউন্ট না পেলে আরো বাড়ত ধর্ম উপদেষ্টার চিকিৎসা ব্যয়’

অনলাইন ডেস্ক
‘ডিসকাউন্ট না পেলে আরো বাড়ত ধর্ম উপদেষ্টার চিকিৎসা ব্যয়’
সংগৃহীত ছবি

চিকিৎসা বাবদ ৮২ লাখ টাকা ব্যয়ের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ওই ব্যাখায় অপারেশনের খরচে ডিসাকাউন্ট ও নিজের পরিচর্যার জন্য তার সঙ্গে থাকা সহযাত্রীর খরচ নিজে বহন করার কথা জানিয়েছেন তিনি। ডিসকাউন্ট না পেলে ও পরিচর্যার খরচ যুক্ত হলে বিল ৮২ লাখেরও অনেক বেশি আসত বলে জানান তিনি।

রবিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চিকিৎসা বাবদ ব্যয়ের ব্যাখ্যায় তিনি এ কথা জানান।

অপারেশন ব্যয়ের ব্যাখ্যায় ধর্ম উপদেষ্টা বলেছেন, ‘বামরুনগ্রাদ হাসপাতালে বিল দিই প্রায় ৬৫ লক্ষ টাকা। যার বিল আরো অনেক বেশি ছিল। কিন্তু বাংলাদেশ দূতাবাসের কারণে ডিসিকাউন্ট পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘পবিত্র হজ্বের দায়িত্ব পালন শেষে আবারও অসুস্থতা অনুভব করায় আমি দেশের ডাক্তারদের শরণাপন্ন হই এবং তারা দ্রুত অপারেশনের পরামর্শ প্রদান করেন। বিগত জানুয়ারি মাসে আমার অপারেশন সম্পন্ন হয় এবং বামরুনগ্রাদ হাসপাতালে বিল দিই প্রায় ৬৫ লক্ষ টাকা। এ সংক্রান্ত সমস্ত বিলের কপি আমি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মন্ত্রীপরিষদ বিভাগে জমা দিয়েছি।’ 

আইনানুসারে সরকার কর্তৃক মন্ত্রী/উপদেষ্টার চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার শুধুমাত্র আমার হাসপাতালের বিল, অপারেশন বিল ও মেডিসিনের ব্যয় বহন করেছে। প্রকৃতপক্ষে আমার পরিচর্যার জন্য সঙ্গে যাওয়া আমার সহযাত্রীর সমস্ত খরচ আমি বহন করেছি। চিকিৎসাধীন অবস্থায় আমার হোটেলে বসবাসের বিল, খাওয়ার বিল, যাতায়াত খরচও ব্যক্তিগতভাবে বহন করেছি। সরকার প্রদত্ত প্রতিটি পয়সার প্রকৃত বিল, ভাউচার, রিসিপ্ট আমার কাছে সংরক্ষিত আছে। যে কেউই চাইলে হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছে এসব ব্যয়ের ব্যাখ্যা অনুসন্ধান করতে পারবেন।’

নিজের সততার উপর জোর দিয়ে তিনি বলেন, ‘উপদেষ্টা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে এবং নির্লোভ ও নির্মোহভাবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি। সরকারি কোনো অর্থ আত্মসাৎ কিংবা তসরুপ করা থেকে নিজেকে বিরত রেখেছি। কিন্তু কিছু মিডিয়া বৈধ, নিয়মতান্ত্রিক ও আইনগত বিষয়গুলোকে এমনভাবে ফ্রেমিং করছে যেন জনমানসের মনে শঙ্কা ও সন্দেহ তৈরি হয়। আমি এসব সংবাদ ও মিডিয়া ফ্রেমিংয়ের তীব্র নিন্দা জানাই।’

ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি

বিশেষ প্রতিনিধি
ঢাকায় নতুন কমিশনার, সিলেট ও কুমিল্লা পেল নতুন ডিসি
ছবি: কালের কণ্ঠ

গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়াকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সঙ্গে সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।

সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে : জামায়াত এমপি মুজিবুর

অনলাইন ডেস্ক
সুদ বন্ধ করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে : জামায়াত এমপি মুজিবুর
রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া।

দেশে সুদভিত্তিক অর্থনীতি বন্ধ ও জাকাতভিত্তিক অর্থনীতি চালু করার দাবি জানিয়েছেন রাজশাহী-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এজন্য আলেমদের নিয়ে একটি কমিটি করা, জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং তা আলেমদের নেতৃত্বে পরিচালনা করারও দাবি জানান তিনি।

আজ রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সুদের বিধান ও কুফল প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সুদ খাওয়াকে মহান আল্লাহ ও রাসুলের (সা.) সঙ্গে যুদ্ধ করার শামিল বলা হয়েছে। তাই যুদ্ধ করতে না চাইলে অবশ্যই সুদভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে। অনেক দেশে সুদমুক্ত অর্থনীতি আছে, ব্যাংক আছে। বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হলেও সেটা প্রায় ধ্বংস করা হয়েছে। অনেক ব্যাংক ইসলামিক কাউন্টার খুলেছিল, এতে প্রমাণিত হয় সুদমুক্ত ব্যাংক চলে।’

জামায়াতের এ নেতা বলেন, ‘সুদ চললে আল্লাহর আজাব হালাল হয়ে যায়। সুদের টাকায় শরীরের যে অংশ গঠিত হবে, তা জাহান্নামে পুড়বে। জাকাত ঠিকমতো আদায় করা গেলে ২ লাখ কোটি টাকা বের হতে পারে। আমাদের ঘাটতি বাজেট পূরণ হয়ে যাবে। কিন্তু জাকাত যারা বোঝে না, চুরি করে তাদের হাতে জাকাত দিলে হবে না। এজন্য আলেমদের নিয়ে একটি কমিটি করে জাকাতভিত্তিক অর্থনীতি চালু করে সুদভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে।’

তিনি বলেন, ‘কালোটাকা সাদা করা যাবে না। এটা চালু থাকলে অন্যায় বলে কিছু থাকবে না।’ তিনি বলেন, ‘মদ ও বিড়ি যাতে মানুষ না খায়, সেজন্যই দাম বাড়িয়েছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু গয়েশ্বর চন্দ্র রায় কেন কমাতে বললেন জানি না।’

মদিনার ইসলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘মদিনার ইসলামে সুদ ছিল না, জাকাত ছিল। তাই সুদ বন্ধ করে জাকাত চালু করতে হবে। ফসলের ওশর আছে। অন্যান্য দ্রব্যের জাকাত, কাফফারার সঙ্গেও অর্থনীতির সম্পর্ক আছে।’ কওমি মাদরাসার প্রতি বাজেট থাকা দরকার বলেও জানান তিনি।

অধ্যাপক মুজিবুর বলেন, এই সংসদে আল্লাহকে বাদ দিয়ে যারা সরাসরি নেতাদের স্মরণ করেছেন, দোয়া করেননি, তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন। আল্লাহর এসব নির্দেশ মানলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে।