• ই-পেপার

একনজরে আজকের কালের কণ্ঠ (২১ জুন)

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার (২১ জুন) এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। 

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন।

প্রধানমন্ত্রীর দুই দেশ মালয়েশিয়া ও চীন সফর শুরুর আগে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা করা হবে।’

সিয়াম বলেন, ‘এই বছরের ফেব্রুয়ারিতে সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।’

তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে, এতে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এটিকে একটি যুক্তিসংগত পর্যায়ে রাখার চেষ্টা করেছি।’ তিনি বলেন, এই সফরগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারি শক্তিশালীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। সরকারি সফরের অংশ হিসেবে তিনি ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

চীন সফরকালে প্রধানমন্ত্রী লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠেয় ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন।

‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে।

সফরে মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরো গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কূটনীতি ও অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়) এ কে এম শহিদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস
সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 

গতকাল শনিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সম্মাননাপ্রাপ্ত সাহসী ও মেধাবী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগের যে কোনো সময়ের তুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত গতিতে কাজ করছে। চলতি মাসের ১২ জুন আবুধাবি (ইউএই) সরকারের ফেডারেল পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে আমাদের এনসিবিকে ই-মেইলে জানানো হয়েছে বেনজীর আহমেদকে তারা গ্রেফতার করেছে। আমাদের জারি করা রেড নোটিশের মাধ্যমে তারা বেনজীর আহমদকে গ্রেপ্তার করে। আমি সেদিন বিকেলেই জাতীয় সংসদে জাতিকে অবহিত করেছি। সেখানে বলেছি ই-মেইলে তারা অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে যেন আমাদের সকল কাগজপত্র পাঠিয়ে দেই বেনজীরকে দেশে ফিরিয়ে আনার জন্য। আমরা ৩০ দিন নয় তার পরের দিনই কাগজপত্র পাঠিয়েছি। ওয়ারেন্ট, মামলার বিবরণীসহ অনেক কাগজ দেওয়া হয়েছে। সেটা আবার আরবিতে অনুবাদ করতে হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আিএরা বলেন, পুলিশ অফিসাররা সেদিন রাত ৯টা পর্যন্ত ১৪৪ পাতার কাগজপত্র তৈরির কাজ করেছে। রাত ১০টার সময় সংসদে বসে সেটি আমি সই করেছি। সেদিন পররাষ্ট্রমন্ত্রীকে আনঅফিশিয়াল কপি দিয়েছি। পরদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিশিয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করে। ওইদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আরবিতে ট্রান্সলেট করে ডিপ্লোমেটিক ব্যাগে করে ইউএই সরকারের কাছে পাঠিয়েছে এবং লোকাল ইউএই অ্যাম্বাসিকে জানানো হয়েছে।

আশাকরি ইউএই সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির বেনজীর আহমেদকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। 

বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরাতে কাগজপত্র পাঠানোর পর তারা কোনো উত্তর দিয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তারা এখনো কিছু পাঠায়নি। তাদের দেশের আইন অনুসারে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া রয়েছে। শুক্র-শনিবার সেই দেশে হলিডে। আজকের দিন গেলে আগামীকাল রবিবার অফিশিয়ালি খোঁজ নেব।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনসিবি ও ইউএই ফেডারেল পুলিশ ডিপার্টমেন্ট আমাদের ই-মেইলে অনুরোধ করেছে ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে। ইউএন চার্টার অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ। সেখানে তারাও (ইউএই) সই করেছে। ইউএই’র সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্স রিকুয়েস্ট (এমএলএআর) চুক্তি রয়েছে।’

দুটি ধারা নিয়ে এইচআরএফবির

জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

গভীর উদ্বেগ সন্দেহ হলে যে কারও ডিজিটাল ডিভাইসে প্রবেশ, তল্লাশি, তথ্য সংগ্রহ, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা

অনলাইন ডেস্ক
জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে নতুন আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই আইনটি সংসদে পাস করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তবে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) প্রস্তাবিত আইনের ৩৯(১) ও ৩৯(২) ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা পুনর্বিবেচনার মাধ্যমে সংশোধন বা প্রয়োজনে বাতিলের আহ্বান জানিয়েছে। ওই দুই ধারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কেবল ‘বিশ্বাস’ বা ‘সন্দেহের’ ভিত্তিতে কোনো ব্যক্তির ডিজিটাল ডিভাইসে প্রবেশ, তল্লাশি, তথ্য সংগ্রহ, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব আছে। ১৮৬৭ সালের পুরোনো পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট বাতিল করে বেটিং ও জুয়া প্রতিরোধ আইন (অনলাইন/অফলাইন) ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবিত নতুন আইনে অনলাইন, রিমোট গ্যাম্বলিং, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের মতো বিষয়গুলোকে আইনি সংজ্ঞার আওতায় আনা হয়েছে। সাইবার স্পেসে জুয়ার জন্য পোর্টাল, অ্যাপস তৈরি বা প্রচার করা এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বেটিংয়ের অপরাধে শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি এ আইনের অধীনে সরকারের আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এ ছাড়া অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করেছে।

খসড়া আইনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়েছে, ১৮৬৭ সালের পুরোনো পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট বর্তমান ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ভুয়া সিম ও ডিজিটাল আর্থিক জালিয়াতি প্রতিরোধে অকার্যকর ও অপর্যাপ্ত। বিদেশভিত্তিক অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন, সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিগ্রাম চ্যানেল, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থ পাচার ও প্রতারণা বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা ও তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

খসড়া আইনে বিদেশের অধ্যায়ে বলা হয়েছে, বাংলাদেশের বাইরে অবস্থান করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন এ আইনের অধীন অপরাধ করলে এবং ওই অপরাধের প্রভাব বাংলাদেশের অভ্যন্তরে পরিলক্ষিত হলে তা বাংলাদেশে সংঘটিত অপরাধ বলে গণ্য করা হবে। এরই অংশ হিসেবে বিদেশি সার্ভার, ওয়েবসাইট, অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বা পেমেন্ট সিস্টেম ব্যবহার করে বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে জুয়া বা বেটিং পরিচালনা করলে এ আইনের বিধান প্রযোজ্য হবে। খসড়া আইনে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং সম্পর্কে বলা হয়েছে-কোনো ব্যক্তি খেলাধুলা বা প্রতিযোগিতার ফলাফল পূর্বনির্ধারণ, প্রভাবিত বা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আর্থিক সুবিধা বিনিময় করলে তা ম্যাচ ফিক্সিংয়ের অপরাধ হবে। কোনো ব্যক্তি খেলার নির্দিষ্ট ঘটনা, অংশ বা মুহূর্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে আর্থিক সুবিধা বিনিময় করলে তা স্পট ফিক্সিংয়ের অপরাধ হবে। ম্যাচ ফিক্সিং অপরাধের জন্য খসড়া আইনে শাস্তি হিসেবে অনধিক ৭ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ‘ কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। আর স্পট ফিক্সিংয়ের অপরাধ করলে তিনি অনধিক ৫ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫০ লাখ টাকা অর্থদন্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপাশি আদালত অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য অথবা স্থায়ীভাবে সংশ্লিষ্ট খেলাধুলা, প্রতিযোগিতা বা ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে পারবেন।

এদিকে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) অনলাইন ও অফলাইন জুয়া ও বেটিং-সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বিশেষ আইন প্রণয়নের সরকারি উদ্যোগকে নীতিগতভাবে স্বাগত জানালেও প্রস্তাবিত আইনের কয়েকটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা পুনর্বিবেচনার মাধ্যমে সংশোধন বা প্রয়োজনে বাতিলের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে এইচআরএফবি বলেছে, প্রস্তাবিত আইনের ৩৯(১) ও ৩৯(২) ধারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কেবল ‘বিশ্বাস’ বা ‘সন্দেহের’ ভিত্তিতে কোনো ব্যক্তির ডিজিটাল ডিভাইসে প্রবেশ, তল্লাশি, তথ্য সংগ্রহ, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব আছে। এসব ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বিচারিক অনুমোদন, স্বাধীন তদারকি ও কার্যকর জবাবদিহির পর্যাপ্ত ব্যবস্থা না থাকলে তা নজরদারিনির্ভর রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করে এইচআরএফবি।

বিবৃতিতে বলা হয়, কোনো ব্যক্তির ডিজিটাল ডিভাইস বা ব্যক্তিগত তথ্যে প্রবেশের ক্ষমতা অবশ্যই সাংবিধানিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এ ছাড়া খসড়া আইনে ভ্রাম্যমাণ আদালতকে যে ধরনের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে, সেটিও যথাযথ পর্যালোচনার দাবি রাখে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

ঢাকাসহ ১৪ জেলার জন্য সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
ঢাকাসহ ১৪ জেলার জন্য সতর্কবার্তা

রাজধানী ঢাকাসহ দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৯ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।