শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানি উপস্থাপন শেষে সাংবাদিকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, রামিসা হত্যাকাণ্ডে আসামি সোহেল রানা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন।
এর আগে বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার।
রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। রামিসা হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল আপিলে আসামি সোহেল রানা ঘটনা স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। নিজেকে মাদকাসক্ত দাবি করেছেন।’
এদিকে রামিসা হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন আসামি স্বপ্না। তিনি বলেন, ‘আমাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে।’
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলার রায় ঘোষণা করেন।




