• ই-পেপার

তিন দিনে রাজধানীতে ট্রেনের ধাক্কায় চারজন নিহত

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। এ ছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতেপারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 
 

ধোঁয়ায় আটকা ঢাকাবাসী

কলকারখানার পরে বায়ুদূষণের অন্যতম কারণ যানবাহন বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিশু ও গর্ভবতী নারীরা

অনলাইন ডেস্ক
ধোঁয়ায় আটকা ঢাকাবাসী

রাজধানী ঢাকা বায়ুদূষণের কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কলকারখানার পরে বায়ুদূষণের অন্যতম কারণ রাজধানীতে চলাচলকারী বাস, ট্রাক, প্রাইভেট কার, মিনিবাস, নসিমন, লেগুনাসহ বিভিন্ন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া। এ ছাড়াও বিভিন্ন রেস্টুরেন্ট, সিমেন্ট ফ্যাক্টরি, বর্জ্য পোড়ানো, ঢাকার আশপাশের এলাকার ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বাড়ছে।

কালো ধোঁয়ায় অবস্থিত কার্বন মনো-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইডের মতো বিষাক্ত পদার্র্থ বায়ুদূষণকে আরো বিষাক্ত করে তুলছে। এতে মানুষ হাঁপানি, হৃদরোগ, একজিমা, ফুসফুসের ক্যানসারের মতো রোগে আক্রান্ত হচ্ছে। কালো ধোঁয়ায় একপ্রকার আটকা পড়েছে ঢাকাবাসী।

রাজধানীর উত্তরা, আজমপুর, এয়ারপোর্ট, বনানী, মহাখালী, যাত্রাবাড়ী, গুলিস্তান, তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে সিগন্যালে সরেজমিন দেখা গেছে, চলাচলরত বেশির ভাগ যানবাহন থেকেই নির্গত হচ্ছে কালো ধোঁয়া। সিগন্যাল ছাড়লে, ফ্লাইওভার-এক্সপ্রেসওয়েতে উঠতে, কোথাও থেকে যাত্রী নামিয়ে বা উঠিয়ে গাড়ি ছাড়লেই বের হচ্ছে কালো ধোঁয়া। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ।

উত্তরা আজমপুরে আট বছরের ছেলেকে নিয়ে রিকশার জন্য দাঁড়িয়েছিলেন রত্না আক্তার। পাশ দিয়ে একটি বাস কালো ধোঁয়া উড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে ছেলেকে মাস্ক পরিয়ে দেন আর তিনিও ওড়না দিয়ে মুখ ঢাকেন।

রত্না আক্তার বলেন, রাস্তায় বের হলে মাস্ক নিয়ে বের হতে হয়। ঢাকায় মাস্ক ছাড়া চলাচল করা সম্ভব নয়। পরিষ্কার বাতাস নেই, তার ওপর গাড়ির কালো ধোঁয়া। বসবাসের অযোগ্য হয়ে গেছে ঢাকা শহর। কিছুদিন আগে ছেলেকে শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে ডাক্তার দেখাতে হয়েছে। ডাক্তার বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে বলেছেন।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বায়ুদূষণের কারণে মানুষের ফুসফুসের সবচেয়ে বেশি ক্ষতি হয় এবং একে ফুসফুসের ঘাতক বলা হয়। এ ছাড়া এসব কালো ধোঁয়ায় অবস্থিত ঘাতক পদার্থগুলোর কারণে কাশি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, একজিমার মতো রোগ দেখা দেয়। এমনকি ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এ ছাড়া হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়। তাই বায়ুদূষণকে নতুন তামাক হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তিনি বলেন, বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি ভোগে শিশু ও গর্ভবতী নারীরা। শিশুদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। আগে রোগী এলে আমরা বলতাম ধূমপানের কারণে এমন রোগ হয়েছে। এখন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি গর্ভবতী নারী ও শিশু। গর্ভবতী নারীদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চা জন্ম হলে ওজন কম হয়।

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক বলেন, কালো ধোঁয়া বায়ুদূষণের প্রধান কারণ। কলকারখানার পরে যানবাহনের কালো ধোঁয়া বায়ুদূষণ করে। এ ছাড়া ঢাকার আশপাশের এলাকায় কাঠ পোড়ানো, বিভিন্ন মিল-ফ্যাক্টরি, রড-সিমেন্ট ফ্যাক্টরি থেকে নির্গত কালো ধোঁয়াও বায়ুদূষণের জন্য দায়ী।

তিনি জানান, ঢাকায় কালো ধোঁয়া বের হয় এমন গাড়িকে ধরে ডাম্প করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশ মোবাইল কোর্ট বসিয়ে এসব যানবাহনকে জরিমানা করা হয়। পুলিশ গাড়ি ডাম্প করার পরও টাকা দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে আবার রাস্তায় নামানো হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনাগ্রহী ঢাকা ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, ঢাকায় চলা প্রতিটি গাড়ির নামে দুইয়ের অধিক মামলা রয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এক বছরের মধ্যে সরকারের সাফল্য আরো দৃশ্যমান হবে : দুদু

নিজস্ব প্রতিবেদক
এক বছরের মধ্যে সরকারের সাফল্য আরো দৃশ্যমান হবে : দুদু
সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী এক বছরের মধ্যে এ সরকারের সাফল্য আরো দৃশ্যমান হবে। দেশ সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠবে এবং তারেক রহমান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সরকারের নেতা হিসেবে পরিচিতি পাবেন।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শহীদ জিয়া ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া তা অনুসরণ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শ অনুসরণ করেই রাজনীতি করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা অনুসরণ করবে, তাদেরকেও সহযোগিতা করা উচিত। শহীদ জিয়া দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্র ও সরকার গঠন করেছিলেন এবং সেই আদর্শ অনুসরণ করছেন তারেক রহমান ও বেগম খালেদা জিয়া। সেই আদর্শ অনুসরণ করে বেগম খালেদা জিয়া মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার চার মাস আগে দায়িত্ব নিয়েছে, আগামী এক বছরের মধ্যে সেটি আরো সাফল্যের দিকে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘একা কাজ করা কারো পক্ষে সম্ভব নয়। আন্দোলনে যেমন সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে ছিলেন, তেমনি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বিএনপি একক সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচনে জয় লাভ করেছে। শুধু সাধারণভাবে চললে হবে না, আরো শক্তভাবে এগোতে হবে। কারণ দেশে-বিদেশে যারা পরাজিত হয়েছে, পালিয়ে গিয়েছে, তারা বসে নেই। পার্শ্ববর্তী একটি দেশ তাদের সমর্থন ও আশ্রয় দিচ্ছে। এ কারণে সবাইকে সচেতন, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা : ডিএনসিসি প্রশাসক

রাজধানীকে আরো পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে পরিচ্ছন্নতাকর্মীরা এখন থেকে দিবাকালীন ও রাত্রিকালীন—দুই শিফটে কাজ করবেন। শুক্রবার (১২ জুন) এক সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা জানান।

তিনি বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরো কার্যকর ও গতিশীল করতে ইতিমধ্যে ডিএনসিসির ২৬টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাসাবাড়ি থেকে বর্জ্য অপসারণে ব্যবহৃত প্রচলিত ভ্যান সার্ভিসকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধান সড়কগুলোতে পড়ে থাকা বর্জ্য দ্রুত অপসারণের জন্য কুইক রেসপন্স টিম (QRT) ও মোবাইল টিম গঠন করা হয়েছে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কোথাও যাতে বর্জ্যের স্তূপ জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত সব যানবাহন ও যন্ত্রপাতির শতভাগ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রয়োজনীয় যান-যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। আধুনিক কম্প্যাক্টর ট্রাক, হুক-লিফট ট্রাকসহ অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনা যানবাহন সংগ্রহ করা হলে বর্জ্য অপসারণ ব্যবস্থা আরো দ্রুত, আধুনিক ও কার্যকর হবে।

বর্জ্য পৃথকীকরণ ও সুষ্ঠু সংগ্রহ ব্যবস্থাকে উৎসাহিত করতে পরীক্ষামূলকভাবে ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় ২৫০টি সবুজ ও ২৫০টি হলুদ রঙের মোট ৫০০টি প্লাস্টিক বিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার পিস পলিব্যাগও বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের আওতায় ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত স্থান ছাড়া কোথাও বিক্ষিপ্তভাবে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন সম্ভব।