• ই-পেপার

টঙ্গীতে মোটরসাইকেলে অস্ত্রের মহড়ায় আরো ৮ জন গ্রেপ্তার

কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করে ছুরি নিয়ে থানায় স্কুলছাত্র

থানার সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

ভোলা প্রতিনিধি
কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করে ছুরি নিয়ে থানায় স্কুলছাত্র
ছবি: কালের কণ্ঠ

ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করে ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে দশম শ্রেণির এক স্কুলছাত্র। ছুরিকাঘাতের সময় কলেজছাত্রের সঙ্গে থাকা মো. আরমান ও মো. আশরাফ নামের আরো দুই কলেজছাত্র আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বণির্ভর সড়ক সংলগ্ন বালুর মাঠে এ ঘটনা ঘটে।   

মৃত কলেজছাত্রের নাম মো. ইব্রাহিম খলিল নয়ন (১৮)। তিনি লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সালাউদ্দিনের ছেলে ও লালমোহন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আর হত্যাকারীর নাম আব্দুল্লাহ আল মানিক। সে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয়রা জানায়, দুপুরে দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বণির্ভর সড়ক এলাকায় স্কুলছাত্র আব্দুল্লাহ আল মানিকের সঙ্গে কলেজছাত্র ইব্রাহিম খলিল নয়নের বাকবিতণ্ডা হয়। এ সময় মানিক ইব্রাহিম খলিল নয়নকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কলেজছাত্র মো. আরমান ও মো. আশরাফ। এ সময় তাদেরও এলোপাথাড়ি ছুরিকাঘাত করে মানিক। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিল নয়নকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া মো. আরমান ও মো. আশরাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়। ঘটনার পর স্কুলছাত্র মানিক হত্যায় ব্যবহৃত ছুরি নিয়ে থানায় আত্মসমর্পণ করে।

এ ঘটনায় দুপুর ৩টার দিকে ইব্রাহিম খলিলের সহপাঠীরা লালমোহন থানার সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল অভিযুক্ত আটক রয়েছে। 

সত্যজিৎ কুমার ঘোষ আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে আরো যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।


 

এইচএসসির প্রথম দিনে সিলেট শিক্ষা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১২৭ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
এইচএসসির প্রথম দিনে সিলেট শিক্ষা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১২৭ পরীক্ষার্থী
সংগৃহীত ছবি

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় বিভাগের চার জেলার ৯৬টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা দৈনন্দিন তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, বোর্ডের অধীন ৯৬টি কেন্দ্রে মোট ৫৭ হাজার ১৭৬ পরীক্ষার্থীর মধ্যে ৫৬ হাজার ৪৯ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১২৭ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলার ৩৭টি কেন্দ্রে ২৫ হাজার ১৮ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন অনুপস্থিত ছিলেন। এ জেলায় অনুপস্থিতির হার ১ দশমিক ৪৯ শতাংশ।

হবিগঞ্জ জেলার ২০টি কেন্দ্রে ১০ হাজার ১৮০ পরীক্ষার্থীর মধ্যে ২৩৯ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৩৫ শতাংশ।

মৌলভীবাজার জেলার ১৭টি কেন্দ্রে ১১ হাজার ৩২৮ পরীক্ষার্থীর মধ্যে ২৫৮ জন অনুপস্থিত ছিলেন। এ জেলায় অনুপস্থিতির হার ২ দশমিক ২৮ শতাংশ।

সুনামগঞ্জ জেলার ২২টি কেন্দ্রে ১০ হাজার ৬৫০ পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জন অনুপস্থিত ছিলেন। এ জেলায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৪১ শতাংশ।

শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে সব পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

বগুড়ার নিমেরপাড়া প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ হলেও অপসারণ হয়নি

বগুড়া অফিস
বগুড়ার নিমেরপাড়া প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ হলেও অপসারণ হয়নি
৪ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নের নিমেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বগুড়ার সোনাতলায় জোড়গাছা ইউনিয়নের নিমেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ কক্ষ বিশিষ্ট একটি ভবন ৪ বছর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করলেও আজও তা অপসারণ করা হয়নি। ফলে যেকোনো সময় ভবনটি ধসে পড়ে শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে নিমেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। এরপর ১৯৯৪ সালে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এলজিইডি একটি ভবন নির্মাণ করে। ভবনটি নির্মাণের মাত্র ৩২ বছরের মাথায় ওই ভবনের ছাদের প্লাস্টার ধসে পড়ছে। এমনকি বৃষ্টি এলেই ছাদ চুয়ে পানি পড়ে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্র এলজিইডি কর্তৃপক্ষ বরাবরে দাখিল করেন। এর পরপরই ওই বিভাগ ভবনটি যাচাই করে পরিত্যক্ত ঘোষণা করেন। বর্তমানে ওই ভবনের দরজা-জানালা নেই। স্কুল ছুটির পর পুরো স্কুল ক্যাম্পাসটি অরক্ষিত হয়ে পড়ে।

এ ছাড়া সন্ধ্যার পর ওই পরিত্যক্ত ভবনে নেশাখোর ও জুয়াড়ুদের অভয়ারণ্যে পরিণত হয়। স্কুল সময়ে কোমলমতি শিক্ষার্থীরা ওই ভবনের পরিত্যক্ত শ্রেণিকক্ষে খেলাধুলায় মেতে ওঠে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যালয়টিতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এদের পাঠদানের জন্য ৬ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘২০২২ সালে এলজিইডি কর্তৃপক্ষ ৪ কক্ষ বিশিষ্ট পূর্ব-পশ্চিম দক্ষিণ দুয়ারী ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও আজ অবধি তা অপসারণ করেনি। ফলে তৈরি হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বারবার আবেদন নিবেদন করেও কোনো ফল হয়নি। ১৯৯৩-৯৪ অর্থবছরে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছিল।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নিভৃত পল্লী এলাকার ওই প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডিকে বলা হয়েছে।’

এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সম্প্রতি তিনি অত্র উপজেলায় যোগদান করেছেন। বিদ্যালয়টি পরিদর্শন করে ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পিরোজপুরে খালের স্লুইসগেট থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরে খালের স্লুইসগেট থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি খালের স্লুইসগেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন খালের স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দধিভাঙ্গা বাজারের পাশের খালের স্লুইসগেটে একটি নারীর মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচুরিপানার মধ্যে আটকে থাকা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন। মরদেহ উদ্ধারের সময় তার কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি তল্লাশি করে কিছু টাকা, চকোলেট, আচার, বিস্কুট, বাদাম এবং কয়েকটি ওষুধের প্যাকেট উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে ওই ধারণা করছে।

বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’