• ই-পেপার

হাসপাতালে কোনো অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না : জালাল উদ্দীন

দাওয়াত খেতে যাওয়া হলো না বাবা-ছেলের, ট্রাকচাপায় গেল প্রাণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
দাওয়াত খেতে যাওয়া হলো না বাবা-ছেলের, ট্রাকচাপায় গেল প্রাণ
ছবি: কালের কণ্ঠ

রংপুরের গঙ্গাচড়ায় দাওয়াত খেতে যাওয়ার সময় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সাত বছরের নাতি। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার নির্মল চন্দ্র রায় (৭৫) ও তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। আহতের নাম বন্ধন চন্দ্র রায় (৭)। সে নির্মল চন্দ্রের নাতি। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, নির্মল চন্দ্র রায়, তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় এবং নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলযোগে তুলশীহাটে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রশান্ত চন্দ্র রায় ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তার বাবা নির্মল চন্দ্র রায়কে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শিশু বন্ধন চন্দ্র রায় হাসপাতালে চিকিৎসাধীন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রামে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০
সংগৃহীত ছবি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে ১ হাজার ৩৪০ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ৮৬৩ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭২ হাজার ৫২৩ জন। এই হিসেবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর হার ১ দশমিক ৮১ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। 

তিনি বলেন, বোর্ডের আওতাধীন চট্টগ্রামসহ ৫ জেলায় ১১৪টি কেন্দ্রে সুষ্ঠু এবং সুশৃঙ্খল পরিবেশে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনো বহিষ্কার নেই। অনুপস্থিত ছিল ১ দশমিক ৮১ শতাংশ ছাত্রছাত্রী।  

তিনি আরো জানান, ১৫টি সাধারণ ভিজিল্যান্স টিম এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, এই বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির মোট ২৮৩টি কলেজের এবার মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ১১ হাজার ২৫৫ জন ছাত্র ও ১২ হাজার ৬৪৮ জন ছাত্রীসহ মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৯০৩ জন; মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন (ছাত্র ১৬ হাজার ৩৪২ জন ও ২৭ হাজার ৮৯৬ জন ছাত্রী); ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৫৮৫ জন ছাত্র এবং ১৫ হাজার ৯৫৪ জন ছাত্রীসহ মোট ৩১ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী; গাহর্স্থ্য বিভাগে ৮ জন ছাত্রী। 

অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম জেলার পরীক্ষার্থী ৭০ হাজার ৯৭৪ জন; কক্সবাজার ১২ হাজার ২৫৫; রাঙামাটি জেলায় ৫ হাজার ৪৩৯; খাগড়াছড়িতে সাত হাজার ৩৫৩ জন; বান্দরবান জেলায় তিন হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

আগৈলঝাড়ায় রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আগৈলঝাড়ায় রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে পূর্বশত্রুতার জের ধরে জহিরুল শিকদার (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত উপজেলার ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ  শিকদারের ছেলে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার দুজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সিন্টু শিকদার, শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদারদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই শত্রুতার জের ধরে বুধবার সকাল ১১টায় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে বুধবার রাতে জহিরুলকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মনি বেগম বাদী হয়ে সেন্টু শিকদারকে এক নম্বর আসামি করে চারজনের নাম উল্লেখপূর্বক থানায় একটি হত্যা মামলা করেছেন।

নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেন, ‘আমার ভাইকে আসামিরা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে রাস্তার ওপরে ফেলে রেখে যায়। ওই দিন সকালে ঝামেলা হয়েছিল তা স্থানীয়রা মীমাংসা করে দেন। কিন্তু রাতেই তারা আমার ভাইকে ওরা হত্যা করেছে।’

নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বলেন, ‘আমার স্বামীকে একই এলাকার সেন্টু শিকদার, শান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার রাতে ডেকে নিয়ে হত্যা করে। আমি এই হত্যাকারীদের বিচার চাই। আমার স্বামীর কি অপধার ছিল? কেন তাকে হত্যা করা হলো?’

আগৈলঝাড়া থানা ওসি মো. মাসুদ খান বলেন, ‘নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বাদী হয়ে চারজনের নামে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলার এজাহারভুক্ত ছোট বাসাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২২) ও মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

মহানন্দা নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মহানন্দা নদীতে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে নিখোঁজ ৮ বছরের শিশু রিয়াজের মরদেহ ৩৪ ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নৌ পুলিশ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগাঁ এলাকা (নতুন মহানন্দা সেতুর ইসলামপুর প্রান্তে) থেকে শিশু রিয়াজের প্রায় অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করে।

এ নিয়ে মঙ্গলবার (৩০ জুন) সদরের পদ্মা নদীতে ডুবে ২ কিশোর এবং সদরের মহানন্দা নদীতে ডুবে প্রবাসী এক যুবক, ১ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে পদ্মার  মরদেহ দুটি ওই দিনই রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার করে। মহানন্দায় ডুবে যাওয়া দুজনের মরদেহ পরদিন বুধবার ভেসে ওঠার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নানার বাড়ি সদরের বেহুলা গ্রাম থেকে সকলের অগোচরে নিখোঁজ হয় রিয়াজ। তার নানার বাড়ির প্রায় দুই শ গজ দূরেই মহানন্দা নদী। বুধবার রাতে অজ্ঞাতপরিচয় শিশুর মরদেহ ভাসার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শনাক্ত করে। রিয়াজ জেলার নাচোল উপজেলার ফুলবাড়ী গ্রামের আল আমিনের ছেলে। সে সদরের বেহুলা গ্রামে নানার বাড়িতে থাকত।

দায়িত্বশীল রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জীবন চন্দ্র  রায় বলেন, ‘বুধবার নতুন মহানন্দা সেতুর ইসলামপুর প্রান্তের প্রায় ২০০ গজ দূর থেকে  প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই শিশুর পরিবার মরদেহ শনাক্ত করে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রামিকভাবে নদীতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, ‘বুধবার সন্ধ্যায় নদীতে মাছ ধরার সময় স্থানীয় দুই ব্যক্তি কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ সংবাদ দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে নৌ পুলিশ ডাকা হয়।’