• ই-পেপার

নাশকতার মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

ভালুকায় ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনি
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। রবিবার (২৮ জুন) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে আঙ্গারগাড়া গ্রামের ওয়াইজ উদ্দিনের বাড়ির পাশের একটি পল্লী বিদ্যুতের খুঁটি থেকে কয়েকজন ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে।

আটকরা হলেন, ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের আবদুর রশিদের ছেলে আলমগীর হোসেন (২৫) এবং ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়াপাড়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (২৬)।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগেও একই খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছিল। পরে এলাকার গ্রাহকদের অর্থায়নে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জনতার হাতে আহত দুই যুবককে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গানে আবৃত্তিতে মহাকবিকে স্মরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
গানে আবৃত্তিতে মহাকবিকে স্মরণ
মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকীতে সোমবার তার জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে মধুসূদন একাডেমির পক্ষ থেকে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: কালের কণ্ঠ

গান, আবৃত্তি, আলোচনাসভা ও মধুসূদনের আবক্ষ মূর্তিতে ফুল  দেওয়ার মধ্য দিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করেছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি সাহিত্যিকরা। 

আজ সোমবার (২৯ জুন) মহাকবির ১৫৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মহাকবির জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে পালন করা হয় এসব  কর্মসূচি। মধুসূদন একাডেমির উদ্যোগে মধুসূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, আবৃত্তি, মধুগীতি পরিবেশনসহ ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি দেওয়া হয়।

মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে মধুসূদন মিউজিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. দুলাল হোসেন (তানভীর দুলাল)।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মধুসূদন একাডেমির পরিচালক, কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কবি মকবুল মাহফুজ, অপু দেবনাথ, ছড়াকার রিয়াজ লিটন, সাগরদাঁড়ির আলোকচিত্রী মুফতি তাহেরুজ্জামান তাছু প্রমুখ।

মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি যশোরের কেশবপুরে কপোতাক্ষ নদপারের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন। 

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও দিনটি পালন করা হয়। সাগরদাঁড়ির মধুপল্লীর ভেতর আলোচনাসভার পাশাপাশি কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন অন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সাগরদাঁড়ির মুধপল্লীর কাস্টডিয়ান হাসানুজ্জামান বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

শেরপুর প্রতিনিধি
ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
সংগৃহীত ছবি

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ ৫২ হাজার টাকা।

সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর তাওয়াকুচা বিওপির টহল দল ঝিনাইগাতী সীমান্তের রাঙ্গাজান এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি উদ্ধার করে।

বিজিবি জানায়, সীমান্তের চোরাপথ দিয়ে অভিনব কৌশলে ভারত থেকে আনা ২৯২ পিস শাড়ি ২৪টি প্লাস্টিকের বস্তায় ভরে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

খুলনায় সেচ পাম্প মেরামত করতে গিয়ে সবুজ মণ্ডল নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সবুজ মণ্ডল (২৫) ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সমরেশ মণ্ডলের বড় ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সবুজ মন্ডল নিজের মৎস্যঘেরে বিকল হয়ে যাওয়া একটি সেচপাম্প মেরামতের কাজ করছিলেন। এ সময় মূল বিদ্যুৎ লাইনের সংযোগ চালু থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

ডুমুরিয়া রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বাবর আলী জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।