• ই-পেপার

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, ২৫ যাত্রী জীবিত উদ্ধার

নাটোর

চেম্বারে কাজ করার সময় অ্যাডভোকেটের ওপর হামলা, আটক ১

নাটোর প্রতিনিধি
চেম্বারে কাজ করার সময় অ্যাডভোকেটের ওপর হামলা, আটক ১
ছবি: কালের কণ্ঠ

নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক জিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় আইনজীবী ও চেম্বারের লোকজন হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর তিনটার দিকে নাটোর জজ কোর্ট আদালতের আইনজীবীর চেম্বারে কাজ করার সময় এ ঘটনা ঘটে।  

আটক ব্যক্তির নাম কাবিল উদ্দিন (২৮)। তিনি সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের রেজাউল করিমের ছেলে।

আহত অ্যাডভোকেট আসাদুজ্জামানের ছোট ভাই অ্যাডভোকেট নাজমুল হক জানান, কাবিল উদ্দিনের সঙ্গে মহিষ গ্রামে জমি নিয়ে বিরোধ থাকলেও অনেক আগে তা মীমাংসা করা হয়েছে। সম্প্রতি তাদের সঙ্গে কোনো বিরোধ ছিল না। এমতাবস্থায় দুপুর তিনটার দিকে নিজ সেরেশতায় (চেম্বার) কাজ করার সময় কাবিল উদ্দিন অতর্কিতভাবে অ্যাডভোকেট আসাদুজ্জামানকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠি ঠেকাতে গিয়ে অ্যাডভোকেট আসাদুজ্জামানের হাতের আঙুল ভেঙে গেছে। এ সময় স্থানীয় আইনজীবী ও সেরেশতার লোকজন কাবিল উদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে। আর আহত আসাদুজ্জামান বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনা মূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনা মূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনা মূল্যে মিনি গার্ডেন টিলার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার হলিধানী ইউনিয়নের কৃষক সুমন হোসেন, কুমড়াবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম এবং নলডাঙ্গা গ্রামের মিলন হোসেনের হাতে একটি করে মিনি গার্ডেন টিলার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বির্জন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনসহ কৃষি বিভাগের অন্য কর্মকর্তারা।

টিলার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী বলেন, ফলদ ও বনজ বাগানে বড় পাওয়ার টিলার দিয়ে চাষাবাদে নানা ধরনের সমস্যা দেখা দেয়। মিনি গার্ডেন টিলার ব্যবহার করে এসব বাগানে সহজে জমি চাষ করা সম্ভব। এ ছাড়া বড় জমিতেও এ টিলার কার্যকরভাবে ব্যবহার করা যাবে বলে তিনি জানান।

ভালুকায় ট্রাকচাপায় বিক্রয় প্রতিনিধি নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় ট্রাকচাপায় বিক্রয় প্রতিনিধি নিহত
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মো. বিল্লাল হোসেন ভূইয়া (৫০) নামের ওষুধ কম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের নান্নু ভূইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার চাপরবাড়ী এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে ভালুকা বাজারের দিকে যাওয়ার সময় বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বগুড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
সংগৃহীত ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান নামে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত আব্দুল মান্নান (৪৫) বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। 

জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার (২৮ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মান্নান। তিনি বগুড়া শহরের চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দি রুটে অটোরিকশা চালান। রাত সাড়ে ৯টার দিকে সর্বশেষ সহকর্মীরা তাকে চেলোপাড়া স্ট্যান্ডে দেখেন। এরপর তিনি বাড়ি না ফেরায় সোমবার সকাল থেকে পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে সারিয়াকান্দির কৈ-খালি বিল এলাকায় স্থানীয়রা একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মান্নানের বলে শনাক্ত করেন।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের পর শ্বাসরোধে চালক মান্নানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।