• ই-পেপার

বাঞ্ছারামপুরে ছাগল ব্যবসায়ীর বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ২, চিকিৎসাধীন ১
আটক বাসচালক ও তার সহকারী। ছবি : কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শনিবার (২৭ জুন) বিকেলে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সুধবালা (৪৮) নামের মোটরসাইকেলের এক আরোহী। গুরুতর আহত হন তাঁর ছেলে সারজেন সিংহ ও বোন মেজানি রানী। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সারজেন সিংহের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে পীরগঞ্জ উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে লোলপুকুর ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সুধবালার মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাউফলে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি
বাউফলে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, আহত ১০
ছবি: কালের কণ্ঠ

পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টায় ওই উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

​আহতদের মধ্যে দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেলকে (৩০) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে শতাধিক নেতাকর্মী একটি মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

​উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেল বহরে এ হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত করে এবং ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে।

মিছিলে থাকা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফিরোজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দাশপাড়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন কয়েকদিন থেকে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে তার নির্দেশে এ হামলা হয়।

ঘটনাটি জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল ​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

​বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চুনারুঘাটে লোকালয়ে ঢুকে পড়া মায়া হরিণ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাটে লোকালয়ে ঢুকে পড়া মায়া হরিণ উদ্ধার
সংগৃহীত ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে পথ হারিয়ে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ভোলারজুম গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে সেটিকে কালেঙ্গা রেঞ্জের রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল। চুনারুঘাট উপজেলার এ বনাঞ্চলে প্রাকৃতিকভাবে মায়া হরিণের বসবাস রয়েছে। ধারণা করা হচ্ছে, পথ হারিয়ে হরিণটি লোকালয়ে চলে আসে।

কালেঙ্গা রেঞ্জের বন কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন বলেন, ‘উদ্ধার করা হরিণটিকে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরলে সেটিকে আবার বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ‘লোকালয়ে আসা মায়া হরিণটি বন বিভাগের সদস্যরা উদ্ধার করেছেন। বর্তমানে সেটি রেসকিউ সেন্টারে রয়েছে।’

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি
সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টঙ্গীর তুরাগ নদে ৭ লাশ বলে গুজব রটনাকারীদের ধরতে সকলের সহযোগিতা চেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শনিবার (২৭ জুন) রাতে জিএমপির পক্ষে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠ এ তথ্য জানান।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদারের বরাতে অতিরিক্ত কমিশনার বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা প্রয়োজন। জিএমপি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক রয়েছে।

তিনি বলেন, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা সকলকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সত্য তথ্য প্রচারে সহযোগিতা করার আহ্বান জানাই। পাশাপাশি গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তুরাগ নদে ৭ জনকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে ও ৩টি লাশ উদ্ধার হয়েছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। এ প্রেক্ষিতে আজ পুলিশ সদর দপ্তর বিবৃতি দিয়ে এ খবর ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। এরপর তুরাগ নদের উত্তর তীরে অবস্থিত জিএমপি এ ঘোষণা দিল।