• ই-পেপার

রাঙামাটিতে গৃহবধূ আয়েশা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ ও কাজিপুর প্রতিনিধি
যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় মাদরাসার তিন ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন নদীতে ডুবে যায় এবং একজন কোনোরকমে নদীর তীরে ওঠে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর ১২টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতরা হলেন–টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

এ সময় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে। এরা তিনজনই কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসায় পড়ত।      
 

গৌরীপুর

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি ১৫ ঘণ্টা পর উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বা কোচ ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পরে লাইনচ্যুত তিনটি কোচ ঘটনাস্থলে রেখে বাকি ১১টি কোচ নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে দুর্ঘটনাকবলিত কোচগুলো উদ্ধারে রিলিফ ট্রেন ও রেলওয়ের কর্মকর্তারা কাজ করেন।

গৌরীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, এদিন দুপুর ১২টার পর‌ লাইনচ্যুত তিনটি কোচ উদ্ধার করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলের রেল লাইন মেরামতের কাজ চলছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজয় এক্সপ্রেসের পরিচালক মাসুদ মিয়া জানান, আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর জংশনে প্রবেশ করে এবং রাত ১০টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি স্টেশন ত্যাগের মাত্র দুই মিনিটের মধ্যে পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়।

তিনি বলেন, ‘ট্রেনটির গতি তখন কম ছিল। চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিন বন্ধ করে দেন। ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’

ট্রেনের যাত্রী ইফতেখার ইসলাম জানান, তিনি দুর্ঘটনাকবলিত তিনটি কোচের মধ্যে দ্বিতীয় কোচে ছিলেন। হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জীবন বাঁচাতে এবং মালামাল নিয়ে দ্রুত কোচ থেকে নেমে যান।

আরেক যাত্রী নেওয়াজ আলী বলেন, ‘পেছনের কোচগুলো থেকে নামার সময় হুড়োহুড়ি ও ঝাঁকুনিতে সাত থেকে আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর ছিল’।

স্বজনরা জানান, তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। পাশাপাশি যাত্রীদের মালামাল নিরাপদ রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, বর্তমানে ট্রেন চলাচলে আর কোনো বাধা নেই। তবে একটি ক্রস লাইনে মেরামতের কাজ চলমান। খুব দ্রুতই সম্পন্ন হবে।

মাদারীপুরে চাচাতো ভাইয়ের ঘুষিতে নিহত ১

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চাচাতো ভাইয়ের ঘুষিতে নিহত ১
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুষিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগাররশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই গ্রামের মোসলেম মাদবরের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ ও বারেক মাদবরের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আ. লীগ সরকার শিক্ষার নামে প্রহসন করেছে : এমপি দিপু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আ. লীগ সরকার শিক্ষার নামে প্রহসন করেছে : এমপি দিপু
সংগৃহীত ছবি

বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ইউনিয়নের কালাদী এলাকায় বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের জমিদাতা  সমাজসেবক বিজয় কুমার মোদী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নবনির্মিত খেলার মাঠের উদ্বোধন করেন তিনি।