• ই-পেপার

ডামুড্যায় মাদকবিরোধী অভিযানে একজনের ১২ মাসের কারাদণ্ড

কুমিল্লায় দুই ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় দুই ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ
কুমিল্লায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত।

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ও মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।  

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন কালের কণ্ঠকে এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকা পড়ে।’

এদিকে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেসের বিকল ইঞ্জিন ও মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে বলে জানা গেছে।
 

পাবনায়

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হেফাজতে

পাবনা প্রতিনিধি
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হেফাজতে
ছবি: কালের কণ্ঠ

পাবনা সদর উপজেলার দোগাছি এলাকায় পাপিয়া খাতুন (৩৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সৌদি প্রবাসী হুমায়ুন কবির সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে দোগাছি এলাকার বিল্ডিং বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পাপিয়া খাতুন একই এলাকার আব্দুর রশিদ শেখের মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২৪ বছর আগে পারিবারিকভাবে পাপিয়ার সঙ্গে হুমায়ুন কবিরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। গত কোরবানির ঈদের আগে ছুটিতে দেশে ফেরেন তিনি।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, সম্প্রতি হুমায়ুন কবির অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবারও তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। রাতেও তাদের বাসা থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন কয়েকজন প্রতিবেশী।

স্থানীয়দের ভাষ্য, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাপিয়াকে বাড়ির ছাদে কাপড় শুকাতে দেখা যায়। এরপর দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের চাচা আসলাম হোসেন অভিযোগ করেন, পাপিয়া নিয়মিত নামাজ পড়তেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাদের বিশ্বাস হয় না। এছাড়া মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা।

পুলিশের জিজ্ঞাসাবাদে হুমায়ুন কবির জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য ছিল।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তদন্তের স্বার্থে স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

কুমিল্লায় বোন-ভাগিনার পিটুনিতে প্রাণ গেল ভাইয়ের

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বোন-ভাগিনার পিটুনিতে প্রাণ গেল ভাইয়ের
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটা নিয়ে বোন, ভগ্নিপতি ও ভাগিনাদের পিটুনিতে ইব্রাহিম মরণ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সঙ্গে জড়িত নাছিমা বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) উপজেলার মৌকরা ইউনিয়নের পৌঁছইর গ্রামের মধ্যমপাড়া হাজী সৈয়দ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইব্রাহিম উপজেলার মৌকরা ইউনিয়নের পৌঁছইর গ্রামের রাজা মিয়ার ছেলে। আটক নাছিমা বেগম তার আপন বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বোন নাছিমা বেগমের সঙ্গে পাশের বাড়ির কোব্বাত মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাছিমা বিভিন্ন বিষয় নিয়ে তার ভাইদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তেন। বোন ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছোট ভাই মহিন নাঙ্গলকোট সদরে বাসা ভাড়া নিয়ে চলে গেলেও ইব্রাহিম পৈতৃক বাড়িতেই বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাড়ির পাশে একটি বাঁশ কাটেন নাছিমা বেগম। এ নিয়ে ভাই বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নাছিমা বেগম, তার স্বামী কোব্বাত আহম্মদ ও ছেলে অলি আহম্মদ মিলে ইব্রাহিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় তলপেট ও অণ্ডকোষে গুরুতর আঘাত পেয়ে ইব্রাহিম ঘটনাস্থলেই অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত কয়েকজনে তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে আফরোজা আক্তার বলেন, ‘ফুফুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দীর্ঘদিন নানার বাড়িতে ছিলাম। ১ বছর আগে আমরা নিজেদের বাড়িতে ফিরে আসি। বেশ কিছুদিন ধরেই ফুফু আমাদের বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়াসহ মাকে মারধর করে আসছিলেন। আজ সকালে বাঁশ কাটার প্রতিবাদ করায় ফুফু, ফুফা আর ফুপাতো ভাই মিলে আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বোন নাছিমা বেগমকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শিল্পী কাঙালিনী সুফিয়া

ভাঙা হাত, অসুস্থ শরীর, অনিশ্চিত জীবন : সহায়তার হাত বাড়াল এবিজি ফাউন্ডেশন

নওশাদ জামিল, ঢাকা ও জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী
ভাঙা হাত, অসুস্থ শরীর, অনিশ্চিত জীবন : সহায়তার হাত বাড়াল এবিজি ফাউন্ডেশন
ছবি : কালের কণ্ঠ

লোকগানের এক মুকুটহীন সম্রাজ্ঞী কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়া। তার কণ্ঠের মায়ায় মুগ্ধ দেশ-বিদেশের অসংখ্য শ্রোতা। মানুষের মুখে মুখে ফেরে তার বিভিন্ন জনপ্রিয় গান। সারা জীবন গান গেয়েছেন, কোটি শ্রোতার হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তবে জীবনের শেষ প্রান্তে এসে চরম অর্থকষ্ট, অসুস্থতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার।

কিছুদিন আগে বাথরুমে পা পিছলে পড়ে কাঙালিনী সুফিয়ার বাঁ হাত ভেঙে যায়। আর্থিক অসচ্ছলতার কারণে হাসপাতালে চিকিৎসা না নিয়ে প্রতিবেশীদের ঝাড়-ফুঁক ও গাছগাছড়ার চিকিৎসার ওপরই নির্ভর করতে হয় তাকে। তবে অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হাতে প্লাস্টার করা হয়।

শিল্পী কাঙালিনী সুফিয়ার মানবেতর জীবনের খবর ছড়িয়ে পড়লে তার পাশে দাঁড়ায় এবিজি ফাউন্ডেশন। শিল্পীর চিকিৎসার জন্য তাকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

৪৫৫২২৩

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় শিল্পীর বাড়িতে যান এবিজি ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম। তিনি শিল্পীর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ভবিষ্যতে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনেও পাশে থাকার আশ্বাস দেন।

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর বিলপাড়া এলাকায় বসবাস করছেন কাঙালিনী সুফিয়া। সেখানেই কাটছে তার জীবনের শেষ অধ্যায়। বয়সের ভারে নুয়ে পড়া শিল্পীর শরীরে বাসা বেঁধেছে হৃদরোগ, কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপসহ নানা রোগ। নিয়মিত চিকিৎসা ও ওষুধের প্রয়োজন হলেও অর্থসংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।

কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি শিল্পীর নিজ বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন। অসুস্থ ও বয়সের ভারে ন্যুব্জ শিল্পী। ঠিকমতো যেন কথা বলতেও কষ্ট হয় তার। তিনি জানান, দুর্ঘটনার দিন তিনি বাড়িতে একাই ছিলেন। রাতে বাথরুমে পড়ে গিয়ে কিছু সময়ের জন্য অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে বাঁ হাতে খুব ব্যথা অনুভব করেন এবং হাত নাড়াতে পারছিলেন না। ওই অবস্থায় রাত কাটান। পরদিন সকালে প্রতিবেশী নারী বিবি হাওয়ার কাছে গেলে তিনি ঝাড়-ফুঁক ও গাছগাছড়ার চিকিৎসা দেন।

যে কণ্ঠে সুরের জাদু, সে কণ্ঠে দুঃখের কথা জানিয়ে কাঙালিনী সুফিয়া বলেন, ‘সেদিন ঘরে কোনো টাকাও ছিল না। পাশে ছিল না আমার মেয়ে পুষ্পও। তাই ঝাড়-ফুঁক আর গাছগাছড়ার চিকিৎসাই ছিল আমার একমাত্র ভরসা।’

প্রতিবেশী বিবি হাওয়া বলেন, ‘ঘটনার পরদিন সকালে কাঙালিনী সুফিয়া আমার কাছে আসেন। আমি তার হাতের অবস্থা দেখে ঝাড়-ফুঁক ও কিছু গাছগাছড়ার চিকিৎসা দিই। আমি সামান্য কবিরাজি জানি, তাই মানবিক কারণেই তাঁকে সাহায্য করেছি।’

কাঙালিনী সুফিয়ার একমাত্র মেয়ে পুষ্প বেগম। গানের অনুষ্ঠানে মা কাঙালিনী সুফিয়া গান করেন আর মেয়ে পুষ্প মায়ের সঙ্গে থেকে মন্দিরা বাজান। পুষ্প জানান, কাজের প্রয়োজনে তিনি ঢাকায় ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরলেও অর্থসংকটের কারণে মাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে পারেননি। পরে প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করেন।

পুষ্প আরো জানান, সরকারি উদ্যোগে তার মায়ের নামে ২০ শতাংশ জমি দেওয়া হয়েছে। ২০১৫ সালে সেখানে দুই কক্ষ ও একটি বাথরুমসহ একটি টিনশেড পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। ২০২৩ সালে নির্মাণ করা হয় সুফিয়া একাডেমির জন্য আরেকটি টিনশেড ভবন এবং বার্ষিক অনুষ্ঠান আয়োজনের জন্য একটি উন্মুক্ত মঞ্চ। তবে এখনো মঞ্চের ছাদ ও বাউন্ডারি নির্মাণ হয়নি।

একসময় সরকারি ভাতা, সাংস্কৃতিক অনুদান এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে যা আয় হতো, তা দিয়ে কোনোমতে সংসার চলত। তবে বয়স ও অসুস্থতার কারণে এখন আর নিয়মিত মঞ্চে উঠতে পারেন না তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানও কমে গেছে। ফলে আয়ের পথ প্রায় বন্ধ হয়ে গেছে।

অভিযোগের সুরে কালের কণ্ঠকে পুষ্প বলেন, ‘সরকারি উদ্যোগে মা প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পেতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই ভাতা বন্ধ হয়ে যায়। অসুস্থতার কারণে মা এখন আর নিয়মিত অনুষ্ঠান করতে পারেন না। ফলে আর্থিক সংকট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘মায়ের সার্বক্ষণিক দেখভালের জন্য একজন নার্স বা সহকারী প্রয়োজন। পাশাপাশি তাঁর রচিত প্রায় ৫০০টি গান সংরক্ষণ ও লিপিবদ্ধ করা জরুরি। কারণ এখনো তিনি নতুন গান রচনা করেন।’

এবিজি ফাউন্ডেশনের সহায়তার ঘোষণাকে স্বাগত জানিয়ে পুষ্প বলেন, ‘মায়ের অসুস্থতার খবরে এবিজি ফাউন্ডেশন পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের জন্য বড় স্বস্তির বিষয়। আশা করছি, এবার মা সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবেন।’

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ‘কাঙালিনী সুফিয়ার পাশে প্রশাসন সব সময় রয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। এবিজি ফাউন্ডেশনও তার পাশে দাঁড়িয়েছে জেনে আমরা আনন্দিত।’

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে জেলে পরিবারে কাঙালিনী সুফিয়ার জন্ম। তাঁর প্রকৃত নাম টুনি হালদার। ১৪ বছর বয়সেই গ্রামের অনুষ্ঠানে গান গেয়ে মানুষের নজর কাড়েন। তাঁর গানের গুরু গৌর মহন্ত ও দেবেন খ্যাপা। হালিম বয়াতির কাছেও গান শিখেছিলেন কাঙালিনী সুফিয়া। এ পর্যন্ত ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ‘কোনবা পথে নিতাইগঞ্জ যাই’, ‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাটি গাঙের নাইয়া’সহ বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী তিনি।