টাঙ্গাইলের সখীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের অভিযানে নকল টুথপেস্ট ও কেবল তার সরবরাহ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষনসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪জুন) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক টাঙ্গাইলের আসাদুজ্জামান রুমেল।
জানা গেছে, অভিযানে নকল টুথপেস্ট ও কেবল তার সরবরাহের দায়ে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারের সিকদার এন্টারপ্রাইজের মালিক আশরাফ সিকদারকে ৮ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ইন্দারজানি বাজারের এআর মেডিকেল হলের মালিক আরিফুর রহমানকে ৭ হাজার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বড়চওনা যুথি বেকারির মালিক মিলন মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক টাঙ্গাইলের আসাদুজ্জামান রুমেল জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। ভবিষ্যতে এমন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।




