• ই-পেপার

দীঘিনালায় যুবলীগের ২ নেতা আটক

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাইপাস মডার্ন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ইয়াসিন আরাফাত (১৯)। তিনি উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের কালা মিয়া বাড়ির মো. ইব্রাহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মহাসড়কে অটোরিকশা চালিয়ে যাওয়ার পথে ঢাকামুখী দ্রুতগতির একটি সিডিএম বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনা কবলিত লোকটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছে।’

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল আবসার বলেন, ‘বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘাতক বাসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

পাশের বাড়ির হাঁস 'খাবার চোর', প্রতিবেশীদের মারামারি গড়াল থানায়

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
পাশের বাড়ির হাঁস 'খাবার চোর', প্রতিবেশীদের মারামারি গড়াল থানায়
সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে হাঁসের পা ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা শ্রীনগর থানায় অভিযোগ দিয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার বাসিন্দা সুর্বনা (২০) তার স্বামী রহমান, বর্তমানে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় মিঠু শেখের বাড়িতে ভাড়া থাকেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে একটি হাঁসের পা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় আবু কালাম ও সামসু মোল্লাহ তাদের আল মক্কা জামে মসজিদের পশ্চিমে হামলা চালান। এ সময় ঘরে থাকা তিন নারী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আহতরা জানান, বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত আবু কালাম বলেন, বিবাদীরা শামসুকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। আমি তাদের থামানোর চেষ্টা করি এবং হাঁসের বিষয়টি নিজেদের মধ্যে বসে শান্তিপূর্ণভাবে সমাধান করার পরামর্শ দিই। কিন্তু তারা সবাই আমাকে ঘিরে ধরে। পরে আমি সেখান থেকে চলে আসি। অথচ ঘটনাটিতে আমাকে এক নম্বর আসামি করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন দত্ত বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেল রাবি শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাবাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে গেল রাবি শিক্ষার্থী!
ছবি: কালের কণ্ঠ

রাজশাহী মহানগরী মেহেরচন্ডী এলাকায পারিবারিক কলহের জেরে মুগুর দিয়ে পিটিয়ে স্কুলশিক্ষক বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই  ঘটনাটি ঘটে।

নিহতের নাম রেজাউল করিম (৬০)। তিনি পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত ছেলের নাম রাকিবুল করিম (২৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের (মাস্টার্স) শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবা ও ছেলে রাকিবুলের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুল চরম উত্তেজিত হয়ে পড়েন এবং ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে তার বাবা রেজাউল করিমের মাথায় সজোরে কয়েকটি আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রেজাউল করিম মারা যান। এর পরপরই রাকিবুল পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে ছেলে রাকিবুল তার বাবাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার
জেলার মানচিত্র

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের ১৬টি থানার সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ৫০০ পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এবং বিভিন্ন দাবিতে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের মাধ্যমে নির্দিষ্ট স্থানে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এরপর হঠাৎ করে ব্যানার নিয়ে রাস্তায় মিছিল বের করে ভিডিও ধারণ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা স্থান ত্যাগ করেন। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (২২) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) মুহাম্মদ ফয়সাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, চট্টগ্রাম নগরীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম চলছে। আমাদের ১৬টি থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে অতিরিক্ত ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এপিবিএন সদস্যরাও মাঠে কাজ করছেন। এই নিরাপত্তা ব্যবস্থা আগামী ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।

এদিকে, রাজধানী ঢাকাসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি চিঠিতে বলা হয়েছে, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাসহ ছয় জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন।