হাটহাজারীর থানাধীন বুড়িশ্চর ইউনিয়ন এলাকা থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ আইয়ুব (২৩) নামের এক তরুণকে আটক করেছে র্যাব-৭।বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলের দিকে উল্লেখিত ইউপির ধোপপুলস্থ এস আলম মার্কেটের চন্দ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৯ জুন) দুপুরের দিকে র্যাব-৭ কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আটক আইয়ুব কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের নাটমুরা পাড়ার মো. ছিদ্দিকের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ বৃহস্পতিবার বিকালে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ওপরে উল্লেখিত স্থানে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে একটি নোহা গাড়িসহ তাকে আটক করে। এ সময় উক্ত নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ৯টি বান্ডেলে থাকা সর্বমোট ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫৪ লাখ ২০ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়। পরে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ এর সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পের এসসিপিও (এক্স) মো. মিজানুর রহমান (নৌবাহিনী) বাদী হয়ে মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককে শুক্রবার সকালের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





