দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে গত ৭ দিনে দেশব্যাপী চালানো অভিযানে ১২৯ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) নৌ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
অভিযানে ১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ৩৩৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ৩০২ কেজি মাছ, ৩ লাখ ৫ হাজার পিস চিংড়ির রেণু, ১ লাখ ১০ হাজার পিস রেণু পোনা, ৭১০ কেজি জেলিযুক্ত চিংড়ি এবং ২৪৬ কেজি রং মিশ্রিত শিং মাছ জব্দ করা হয়েছে। এছাড়া নদী থেকে ১৪৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ১০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটি ড্রেজার জব্দ করা হয়। অভিযানে ৩৭টি মৎস্য আইন, আটটি বেপরোয়া গতি আইন, পাঁচটি বালুমহাল আইন, দুটি মাদক, পাঁচটি অপমৃত্যু, একটি ডাকাতি, একটি অপহরণ এবং একটি হত্যা মামলাসহ মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে নৌ পুলিশ ৯টি মৃতদেহ উদ্ধার করেছে।
নৌ পুলিশ জানায়, জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মাছের রেণু ও পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে এবং জব্দ করা অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদী ও নৌ-পথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





