• ই-পেপার

কমিটিতে স্থান না পাওয়ায় যুবদল নেতার ক্ষোভ প্রকাশ

ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

ফেনী প্রতিনিধি
ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর
প্রতীকী ছবি

ফেনীতে পৃথক বজ্রপাতের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার ও আট বছর বয়সী শিশু আবির হোসেন নামের দুই শিশু মারা গেছে। 

বুধবার (১৭ জুন) দুপুরে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত নাদিয়া আক্তার ফুলগাজীর বসন্তপুর গ্রামের মো. শহীদের মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং আবির হোসেন ছাগলনাইয়ার পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির সামনে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় নাদিয়া আক্তার ও আবির হোসেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান।

আত্মীয়ের জানাজায় যাওয়ায় পথে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আত্মীয়ের জানাজায় যাওয়ায় পথে একজনের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময়  মো. কাশেম মিয়া নামের এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে পৌর এলাকার খমড়পুর বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. কাশেম মিয়া (৫৫) উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে লাশ দেখতে ও জানাজায় অংশ নিতে তিনি বিজয়নগর যাচ্ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রাক আখাউড়ার দিকে আসার পথে বিজয়নগর অভিমুখী তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পথে মারা যান। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই লাশ বাড়িতে নিয়ে গেছেন। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ফেনী প্রতিনিধি
ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে শহরের স্টেশন রোড এলাকায় ওই মিছিলটি হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেলে পৌরসভার সহদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটকদের বিস্তারিত পরিচয় ও মিছিলে তাদের সম্পৃক্ততা আরো যাচাই-বাছাই চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের স্টেশন রোড থেকে শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এদিন দুপুরের দিকে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে একদল তরুণ সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। বিকেলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। তারা মিছিলে অংশ নিয়েছেন। আটকদের বিস্তারিত পরিচয় ও সম্পৃক্ততা আরো যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকির বিপুল ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকির বিপুল ভারতীয় পণ্য জব্দ

নারায়ণগঞ্জের পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৭ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিনটি ভ্যানগাড়ি তল্লাশি করা হয়। এ সময় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ১ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দ মালামাল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় ও নদীবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।