শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আমির হোসেন সরদার (৪৫) মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই জুয়েল সরদার (২৭) পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টার দিকে গোসাইরহাট পৌরসভার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন সরদার ওই এলাকার মৃত গনি সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের মধ্যে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ঘটনার সূত্রপাত। ছোট ভাই সোহেল সরদারের তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ ওঠে মেজ ভাই জুয়েল সরদারের বিরুদ্ধে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসেন বড় ভাই আমির হোসেন।
একপর্যায়ে আমির হোসেন জুয়েলকে সেখান থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জুয়েল কিছু সময় পর একটি কাঠের টুকরা নিয়ে ফিরে আসেন। পরে আমির হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী লাইজু বেগম বলেন, দুই ভাইয়ের মধ্যে বিরোধের সময় তার স্বামী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। পরে জুয়েল এসে তার স্বামীর মাথায় আঘাত করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।






