আনোয়ার-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। সোমবার (১৫ জুন) সকাল আটটার দিকে এবিসি সড়কের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা পাড়ার আবদুর রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন- পেকুয়া উপজেলার হরিণাফাঁড়ি এলাকার সিরাজ (৪২), শাহেদ (২২) ও নিহত হাসান আলী পরিবারের ২ সদস্য পাখি বেগম (৫৫) এবং রামিম (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা টৈটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বাঁশখালী এলাকায় তারা মারা যান। খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর যানবাহন দুটি থানায় নিয়ে আসা হয়েছে । এই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।







