সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন বিভাগের ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি ইঞ্জিনচালিত নৌকার মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মরা চেলা নদী সংলগ্ন বন বিভাগের ভূমিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম।
বন বিভাগ সূত্রে জানা যায়, মরা চেলা নদী সংলগ্ন বন বিভাগের ভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ইঞ্জিনচালিত নৌকায় পরিবহনের সময় অভিযান চালানো হয়। এ সময় বালুবোঝাই তিনটি নৌকার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত প্রতিটি নৌকার জন্য ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে ছাতক বিট অফিসের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়। পরে নৌকাগুলো থেকে বালু খালাস করার পর জরিমানা আদায়ের ভিত্তিতে নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়।
এ সময় ছাতক বিট ও দোয়ারাবাজার বিটের বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ছাতক বিট কর্মকর্তা কে. বি. এম. ফেরদৌস বলেন, ‘সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও বনভূমির ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’
ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।’




