সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির দাম্মাম শহরের একটি বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও স্বজনরা।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের জনক শামীম হোসেন জীবিকার তাগিদে ২০২৪ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি তেল পাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সৌদি সময় বিকেল ৫টার দিকে বাসার ছাদে শুকনো কাপড় আনতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে তার মরদেহ সেখানে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।
শামীমের মা জরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এখন শুধু চাই তার মরদেহটা যেন দেশে ফিরে আসে।’
বাবা আব্দুস ছালাম বলেন, ‘ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। পরিবারের জন্য ভালো কিছু করবে—এই আশাই ছিল। কিন্তু তার মৃত্যুর খবর শুনে আমরা দিশেহারা হয়ে গেছি।’
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা বলেন, ‘সুখের আশায় পরিবারটি অনেক কষ্ট করে শামীমকে বিদেশে পাঠিয়েছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।





