• ই-পেপার

মাদারগঞ্জে ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল কৃষকের

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলভারসহ আটক ৪

বগুড়া অফিস
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলভারসহ আটক ৪
সংগৃহীত ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাতচক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার তিশিগাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

আটকরা হলেন—বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে মো. হালিম (২০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জনের একটি ডাকাত চক্র দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চক্রটির চার সদস্যকে আটক করা হয়। তবে বাকিরা পালিয়ে গেছে।

আটকদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুইটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ ও দুইটি গামছা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটও জব্দ করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, আটকরা সকলেই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে তাঁরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

পুলিশ আরো জানায়, পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

নারায়ণগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের অস্বীকার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের অস্বীকার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে ডেমরা-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের শেষ সীমান্তবর্তী এলাকায় এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। তবে পুলিশের দাবি, মিছিলটি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অনুষ্ঠিত হয়নি।

মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারের কর্মী হিসেবে পরিচয় দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্তত ১৮ থেকে ২০ জনের একটি দল ডেমরা সংলগ্ন গলাকাটা এলাকা থেকে মিছিল শুরু করে শিমরাইলের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় তারা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

স্থানীয় সূত্র জানায়, মিছিলকারীদের মধ্যে নেতৃত্বে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম। মিছিলকারীদের অধিকাংশকে সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই। আমরা সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছি। কেউ এ ধরনের দুঃসাহস দেখানোর সুযোগ পাবে না।’

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন (৩২) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির দাম্মাম শহরের একটি বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আব্দুস ছালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও স্বজনরা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের জনক শামীম হোসেন জীবিকার তাগিদে ২০২৪ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি তেল পাম্পে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সৌদি সময় বিকেল ৫টার দিকে বাসার ছাদে শুকনো কাপড় আনতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সৌদি পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে তার মরদেহ সেখানে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

শামীমের মা জরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। এখন শুধু চাই তার মরদেহটা যেন দেশে ফিরে আসে।’

বাবা আব্দুস ছালাম বলেন, ‘ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। পরিবারের জন্য ভালো কিছু করবে—এই আশাই ছিল। কিন্তু তার মৃত্যুর খবর শুনে আমরা দিশাহারা হয়ে গেছি।’

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মোস্তফা বলেন, ‘সুখের আশায় পরিবারটি অনেক কষ্ট করে শামীমকে বিদেশে পাঠিয়েছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

পীরগঞ্জে ৬০০ ফিট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জে ৬০০ ফিট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
ছবি: কালের কণ্ঠ

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জে। আজ শুক্রবার বিকেলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ৬০০ ফিট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রায় শত শত আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। তারা আর্জেন্টিনার জার্সি পরিধান করে বাঁশি বাজিয়ে বাদ্যযন্ত্রসহ বিভিন্ন স্লোগানে ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। দীর্ঘ ৬০০ ফিট পতাকাটি বহন করে সমর্থকরা উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখান, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

শোভাযাত্রাটি পীরগঞ্জের কেন্দ্রস্থল পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা এবং বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।

00

আয়োজকদের মতে, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। তারা জানান, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে।

শোভাযাত্রা উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন বয়সের মানুষ এ আয়োজন উপভোগ করেন এবং অনেকেই দীর্ঘ পতাকা ও শোভাযাত্রার ছবি ও ভিডিও ধারণ করেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আয়োজক ছিলেন মাহমুদুল হাসান সোহেল, কাজল, পাপ্পু, জাকির, সানি প্রমুখ।