রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী অনিন্দ্য জীৎ বসাক আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তিনি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এমইউএন ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ‘বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক বিষয়াবলীর গভীর অনুধাবন, যুক্তিনির্ভর উপস্থাপনা, নেতৃত্বগুণ এবং অসাধারণ বক্তৃতা নৈপুণ্যের মাধ্যমে তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন।

এটি তার ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল মাইলফলক। এই অর্জনের মধ্য দিয়ে অনিন্দ্য জীৎ বসাক টানা পাঁচটি মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) সম্মেলনে ‘বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড’ অর্জনের বিরল কৃতিত্ব গড়েছেন। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের চারটি এমইউএন সম্মেলনে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইস্তাম্বুলে অনুষ্ঠিত একটি এমইউএন সম্মেলনে তিনি এই সর্বোচ্চ সম্মাননা লাভ করেন।
অনিন্দ্য জীৎ-এর এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই নয়, সমগ্র বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের সম্ভাবনা ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং নতুন প্রজন্মকে জ্ঞানচর্চা, নেতৃত্ব ও আন্তর্জাতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।
পরিবারের পক্ষ থেকে তার সকল শিক্ষক, মেন্টর, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অনিন্দ্য জীৎ বসাকের আগামী দিনের সাফল্যের জন্য সকলের শুভকামনা কামনা করা হয়েছে।




