• ই-পেপার

ইসলামী অর্থনীতির স্বরূপ ও সুফল

মধ্য এশিয়ার গর্ব : নুর সুলতান গ্র্যান্ড মসজিদ

ইসলামী জীবন ডেস্ক
মধ্য এশিয়ার গর্ব : নুর সুলতান গ্র্যান্ড মসজিদ
সংগৃহীত ছবি

মধ্য এশিয়ার হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাজাখস্তানের রাজধানী আস্তানার দৃষ্টিনন্দন নুর সুলতান গ্র্যান্ড মসজিদ। আধুনিক স্থাপত্য, ইসলামী শিল্পকলার সৌন্দর্য এবং জাতীয় ঐতিহ্যের অনন্য সমন্বয়ে নির্মিত এই মসজিদ আজ শুধু কাজাখস্তানের নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের অন্যতম আকর্ষণীয় ধর্মীয় স্থাপনায় পরিণত হয়েছে। 

মধ্য এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ হিসেবে পরিচিত এই মহিমান্বিত স্থাপনাটি নির্মিত হয়েছে প্রায় ১০ হেক্টর (প্রায় ২৫ একর) ভূমির ওপর। বিশাল এই মসজিদে একসঙ্গে প্রায় ২ লাখ ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন, যা একে বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর কাতারে স্থান দিয়েছে।

আকাশছোঁয়া মিনার ও বিশাল গম্বুজ
মসজিদের চার কোণে স্থাপিত চারটি সুউচ্চ মিনারের প্রতিটির উচ্চতা ১৩০ মিটার। দূর থেকে দেখলে মনে হয়, মিনারগুলো যেন রাজধানীর আকাশরেখাকে স্পর্শ করেছে। মসজিদের কেন্দ্রীয় গম্বুজের ব্যাস ৬২ মিটার এবং উচ্চতা প্রায় ৯০ মিটার, যা বিশ্বের বৃহত্তম গম্বুজগুলোর অন্যতম হিসেবে বিবেচিত। প্রধান গম্বুজকে ঘিরে রয়েছে আরো ৭২টি ছোট গম্বুজ, যা পুরো স্থাপনাটিকে দিয়েছে এক অনিন্দ্যসুন্দর ও রাজকীয় আবহ। নীল, সাদা ও সোনালি রঙের সমন্বয়ে গড়ে ওঠা এই স্থাপত্য যেন ইসলামী সভ্যতার সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।

আধুনিক প্রযুক্তি ও ইসলামী স্থাপত্যের অসাধারণ সমন্বয়
মসজিদটির নকশা প্রণয়ন করেছে দুবাইভিত্তিক দিওয়ান আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। স্থপতিরা এমনভাবে পরিকল্পনা করেছেন যাতে স্থাপনাটির বিশালতা, নান্দনিকতা এবং আধ্যাত্মিক পরিবেশ একে অপরের সঙ্গে সুশোভিতভাবে মিশে যায়। গম্বুজ নির্মাণে ব্যবহৃত হয়েছে বিশেষ হালকা স্টিল ফ্রেম, যার ফলে মসজিদের প্রধান নামাজঘরটি প্রায় স্তম্ভবিহীন রাখা সম্ভব হয়েছে। এতে বিপুলসংখ্যক মুসল্লি একসঙ্গে স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারেন।

আলো-ছায়ার মোহনীয় জগৎ
মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলেই চোখে পড়ে মনোমুগ্ধকর আলোকসজ্জা। গম্বুজ, দেয়াল, খিলান এবং কার্পেটের সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এলইডি প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত লাইটিংব্যবস্থা। বিশেষ বৈশিষ্ট্য হলো, এসব আলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়। জুমা, রমজান, ঈদ কিংবা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে আলোকসজ্জা ভিন্ন ভিন্ন আবহ সৃষ্টি করে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

কিবলা দেয়ালে আল্লাহর ৯৯ নাম
মসজিদের অন্যতম আকর্ষণ হলো এর কিবলামুখী দেয়াল। সেখানে কুফি ক্যালিগ্রাফিতে অত্যন্ত নান্দনিকভাবে অঙ্কিত হয়েছে আল্লাহ তাআলার ৯৯টি পবিত্র নাম। জ্যামিতিক নকশা, কাচের ব্যাকলিট মোজাইক এবং সোনালি আলোকছটার সমন্বয়ে এই দেয়াল এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করেছে। নামাজরত মুসল্লিরা যখন কিবলার দিকে মুখ করে দাঁড়ান, তখন আলোকিত এসব নাম তাদের হৃদয়ে আল্লাহর মহিমা ও স্মরণকে আরো গভীর করে তোলে। এ কারণেই স্থপতিরা এই অংশকে মসজিদের ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে বিবেচনা করেন।

জাতীয় পরিচয় ও ইসলামী ঐতিহ্যের প্রতিফলন
মসজিদের বাহ্যিক অংশে ব্যবহৃত সাদা পাথর, নীল ও সোনালি রং কাজাখস্তানের জাতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং কাজাখ জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। মসজিদের চারপাশের প্রাঙ্গণ পাঁচটি অংশে বিভক্ত, যা প্রতীকীভাবে ইসলামের পাঁচ ওয়াক্ত নামাজের স্মারক। চারদিকে সুনিপুণ বাগান, খোলা প্রাঙ্গণ ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের মনে প্রশান্তির অনুভূতি জাগায়।

ইবাদতের পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র
নুর সুলতান গ্র্যান্ড মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি একটি পূর্ণাঙ্গ ইসলামী ও সামাজিক কমপ্লেক্স। এখানে রয়েছে আধুনিক গ্রন্থাগার, কনফারেন্স হল, ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র, শিশুদের প্রশিক্ষণ কক্ষ, টেলিভিশন স্টুডিও, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থান এবং পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র। ফলে মসজিদটি আজ ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

হাদিসের বাণী

কেয়ামতের দিন যাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ

ইসলামী জীবন ডেস্ক
কেয়ামতের দিন যাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ
সংগৃহীত ছবি

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মহানবী (সা.) বললেন, তোমরা কি জানো, গরিব-সম্বলহীন কে? তাঁরা বললেন, আমাদের মধ্যে গরিব হলো ওই ব্যক্তি, যার কোনো দিরহাম, দিনার ও মাল-সামানা নেই। তখন মহানবী (সা.) বললেন, প্রকৃত সম্বলহীন তো ওই ব্যক্তি, যে কিয়ামতের দিন সালাত, জাকাত, সিয়াম নিয়ে উপস্থিত হবে ঠিকই; কিন্তু এটাও সঙ্গে আনবে যে সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি অপবাদ দিয়েছে, কারো সম্পদ গ্রাস করেছে, হত্যাকাণ্ড করেছে, কাউকে প্রহার করেছে। ফলে সেদিন মাজলুম ব্যক্তিকে এই জালিম থেকে সাওয়াব দেওয়া হবে। আর যদি সাওয়াব শেষ হয়ে যায়, তাহলে মাজলুমের গুনাহ এই জালিমের ওপর চাপিয়ে দেওয়া হবে। অবশেষে তাকে জাহান্নামের অতলে ফেলে দেওয়া হবে। (সহিহ মুসলিম, হাদিস : ৬৫৭৯, মুসনাদে আহমাদ, ৮০২৯)

শিক্ষা ও বিধান
১. মানুষ সাধারণত অর্থ-সম্পদহীন ব্যক্তিকে গরিব বা নিঃস্ব মনে করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি, যে অনেক নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কিন্তু মানুষের অধিকার নষ্ট করার কারণে সব সাওয়াব হারিয়ে ফেলবে।
২. নামাজ, রোজা, জাকাত ইত্যাদি মহান ইবাদত হলেও মানুষের প্রতি জুলুম করলে এসব আমল বিপদের কারণ হতে পারে। তাই ইবাদতের পাশাপাশি চরিত্র ও আচরণও শুদ্ধ হওয়া জরুরি।
৩.  আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করতে পারেন; কিন্তু বান্দার হক আদায় না করে ক্ষমা পাওয়া কঠিন। এ জন্য মানুষের অধিকার নষ্ট করা থেকে সর্বদা সতর্ক থাকতে হবে।
৪.  কারো সম্মানহানি করা, গালি দেওয়া, অপবাদ দেওয়া বা কুৎসা রটানো কিয়ামতের দিন কঠিন ক্ষতির কারণ হবে।
৫. অন্যের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। প্রতারণা, ঘুষ, সুদ, জবরদখল, আত্মসাৎ বা অন্যের হক নষ্ট করা আখিরাতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

এই হাদিস আমাদের শেখায় যে, শুধু বেশি বেশি নামাজ, রোজা বা নফল ইবাদত করাই যথেষ্ট নয়; বরং মানুষের অধিকার সংরক্ষণ, জুলুম থেকে বেঁচে থাকা এবং উত্তম চরিত্র গঠনও সমান গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হকও যথাযথভাবে আদায় করবে, সেই-ই প্রকৃত সফলকাম হবে। আর যে মানুষের ওপর জুলুম করে, সে যত বড় ইবাদতকারীই হোক না কেন, কিয়ামতের দিন প্রকৃত দেউলিয়া হওয়ার আশঙ্কায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের মানুষের হক আদায়কারী, জুলুম থেকে বেঁচে থাকা এবং আখিরাতের প্রকৃত সফল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।

দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে কোরআনে বর্ণিত দোয়া

ইসলামী জীবন ডেস্ক
দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে কোরআনে বর্ণিত দোয়া
সংগৃহীত ছবি

মানুষের জীবন কখনোই দুশ্চিন্তা, অনিশ্চয়তা ও পরীক্ষামুক্ত নয়। কখনো সফরের চিন্তা, কখনো জীবিকার উদ্বেগ, কখনো ভবিষ্যতের অজানা আশঙ্কা—এসব বিষয় মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো, সে তার সকল দুশ্চিন্তা ও উদ্বেগ আল্লাহ তাআলার কাছে সোপর্দ করে। সফরে বের হওয়ার সময়, নতুন কোনো কাজে প্রবেশের সময় অথবা জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের মুহূর্তে নিম্নোক্ত কোরআনে বর্ণিত দোয়াটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি এমন একটি দোয়া, যা আল্লাহর নিকট কল্যাণকর প্রবেশ, কল্যাণকর প্রস্থান এবং তাঁর বিশেষ সাহায্য প্রার্থনার শিক্ষা দেয়। দোয়াটি হলো-

 رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا

উচ্চারণ : রাব্বি আদখিলনী মুদখালা সিদক্বিও ওয়া আখরিজনী মুখরাজা সিদক্বিও ওয়াজআল্লী মিল্লাদুনকা সুলতানান নাসীরা।

অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে প্রবেশ করাও কল্যাণের সাথে এবং আমাকে বের করো কল্যাণের সাথে; আর তোমার পক্ষ থেকে আমাকে দান করো সাহায্যকারী শক্তি।’ (সুরা : ইসরা, আয়াত : ৮০)

বর্তমান যুগে দুশ্চিন্তা যেন মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অথচ একজন মুমিন জানে, তার সকল সমস্যার সমাধান আল্লাহর কাছেই রয়েছে। সুরা ইসরার এই মহান দোয়াটি শুধু সফরের দোয়া নয়; বরং জীবনের প্রতিটি অধ্যায়ে আল্লাহর সাহায্য, হেফাজত ও কল্যাণ কামনার এক অপূর্ব প্রার্থনা। তাই যখনই হৃদয় উদ্বেগে ভারাক্রান্ত হবে, তখন এই দোয়াটি আন্তরিকতার সঙ্গে পাঠ করুন। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। কারণ যে হৃদয় আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে, সেই হৃদয়ই প্রকৃত প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুশ্চিন্তা, উদ্বেগ ও অস্থিরতা থেকে মুক্ত রেখে তাঁর ওপর পূর্ণ তাওয়াক্কুল করার তাওফিক দান করুন। আমিন।

মাপে কম দেওয়া ভয়াবহ অপরাধ

মুফতি দিদার হোসাইন
মাপে কম দেওয়া ভয়াবহ অপরাধ
সংগৃহীত ছবি

মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। তবে শর্ত হলো ব্যবসা-বাণিজ্যে শতভাগ সততা ও আমানতদারিতা বজায় রাখতে হবে। যেসব সূক্ষ্ম কারণে ব্যবসার হালাল মুনাফা হারাম হয়ে যেতে পারে, তন্মধ্যে একটি হলো মাপে কম দেওয়া। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে পবিত্র কোরআনে কঠোর হুঁশিয়ারি এসেছে। ইরশাদ হয়েছে, ‘ধ্বংস তাদের জন্য, যারা ওজনে কম দেয়। যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, আর যখন তাদেরকে মেপে বা ওজন করে দেয় তখন কম দেয়।’ (সুরা : আল-মুতাফি্ফফিন, আয়াত : ১-৩)

মাপে কম দেওয়ার ব্যাপারে সতর্ক করতে গিয়ে কোরআনে বর্ণিত আরবি ‘ওয়াইল’ শব্দটি কঠিন শাস্তি, ধ্বংস অথবা জাহান্নামের একটি উপত্যকার অর্থে ব্যবহৃত হয়েছে। এটি প্রমাণ করে যে ওজনে কম দেওয়া কোনো সাধারণ পাপ নয়; বরং এটি মারাত্মক একটি কবিরা গুনাহ। মুমিন বান্দাদের এই গুনাহ থেকে বিরত থাকতে হবে। অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তোমরা ন্যায়ের সঙ্গে মাপ ও ওজন পূর্ণ করো।’ (সুরা : আন‘আম, আয়াত : ১৫২)

তিনি আরো বলেন, ‘যখন পরিমাপ পাত্র দ্বারা কাউকে কিছু মেপে দাও, তখন পরিপূর্ণ মাপে দিয়ো আর ওজন করার জন্য সঠিক দাঁড়িপাল্লা ব্যবহার করো। এ পন্থাই সঠিক এবং এরই পরিণাম উত্কৃষ্ট।’ (সুরা : ইসরা, আয়াত : ৩৫)

মানুষকে পণ্য বুঝিয়ে দেওয়ার সময় মাপে কম দেওয়াও এক ধরনের জুলুম, বলা যায় পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী অন্যতম অপরাধ। এই অপরাধের ব্যাপারে সতর্ক করতে গিয়ে মহান আল্লাহর নবী শুআইব (আ.) তাঁর জাতিকে বারবার সতর্ক করে বলেছিলেন, ‘হে আমার সম্প্রদায়! তোমরা পরিমাণ ও ওজন ন্যায়সংগতভাবে পূর্ণ করবে। মানুষকে তাদের দ্রব্যাদি কম দেবে না এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে বেড়াবে না।’ (সুরা : হুদ, আয়াত : ৮৫)

কিন্তু তারা সে নির্দেশ অমান্য করায় ভয়াবহ আজাবে ধ্বংস হয়েছিল। (সুরা : হুদ, আয়াত : ৯৪-৯৫)

এই আয়াতগুলো দ্বারা বোঝা যায়, ওজনে কম দেওয়া শুধু ব্যক্তিগত গুনাহ নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর হওয়ায় মারাত্মক পর্যায়ের অপরাধ। যখন একটি সমাজে প্রতারণা, মাপে-ওজনে কারচুপি এবং মানুষের হক নষ্ট করার প্রবণতা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা তাদের থেকে বরকত উঠিয়ে নেন। ফলে দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতা দেখা দেয়। এ কারণেই রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘কোনো জাতি যখন মাপ ও ওজনে কম দিতে শুরু করে, তখন তাদের ওপর দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট এবং শাসকদের জুলুম চাপিয়ে দেওয়া হয়।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪০১৯)

অন্যদিকে সততা ও আমানতদারি ব্যবসার প্রাণ। যে ব্যবসায়ী লেনদেনে সত্যবাদী ও বিশ্বস্ত থাকে, সে শুধু মানুষের আস্থা অর্জন করে না; বরং আখিরাতে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গ লাভের সুসংবাদ পায়। (তিরমিজি, হাদিস : ১২০৯)

আধুনিক যুগের তাতফিফ
প্রকৃতপক্ষে ‘তাতফিফ’ শুধু দাঁড়িপাল্লায় কম দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যেকোনো ব্যাপারে যেকোনো উপায়ে প্রাপককে প্রাপ্য থেকে কম দেওয়াও তাতফিফের অন্তর্ভুক্ত। অতএব, গণনার মাধ্যমে কম দেওয়া, কর্মচারীর দায়িত্বে অবহেলা, শ্রমিকের ন্যায্য মজুরি না দেওয়া, ভেজাল পণ্য বিক্রি করা, নিম্নমানের পণ্যকে উন্নতমানের বলে প্রচার করা, পণ্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া, অন্যের পণ্যকে নিজের পণ্য বলে প্রচার করা, অন্যের প্রাপ্য অধিকার আদায়ে গাফিলতি করা, চুক্তি অনুযায়ী কাজ বা সেবা প্রদান না করা, অনলাইনে পণ্যের ছবি ও বাস্তব পণ্যের মধ্যে ইচ্ছাকৃত অমিল রাখা, সরকারি বা বেসরকারি দায়িত্বে থেকে জনগণের অধিকার খর্ব করা—এগুলোও তাতফিফের অন্তর্ভুক্ত। (মারেফুল কোরআন, মুফতি মুহাম্মদ শফি (রহ.) কৃত, ৮/৬৯৪)

অনেকের মনে হতে পারে, আজকাল যারা এসব অপকর্মে লিপ্ত আছে, তারাই তো ভালো আছে। তাদের সম্পদ দিন দিন বাড়ছে। এর উত্তর হলো বাহ্যিক চোখে যেটাকে সাফল্য মনে হচ্ছে, আদতে সেটা মোটেও সাফল্য নয়। দুনিয়ার এই যিকঞ্চিৎ লাভ (!) তো আখিরাতের বিপুল প্রাপ্তিকে ধ্বংস করে দিচ্ছে। সঙ্গে এটা দুনিয়াতেও বরবাদির এক বড় কারণ হচ্ছে।

এই পৃথিবীতে কেউ চিরকাল থাকবে না, থাকতে পারবেও না। মৃত্যুর পর দাঁড়াতে হবে আল্লাহর সামনে। ইচ্ছাকৃতভাবে ওজনে অণু পরিমাণ কম দিলেও তার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের প্রতারণা, জুলুম, মানুষের হক নষ্ট করা এবং ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।