• ই-পেপার

পারিবারিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামের নির্দেশনা

কোরআনের বাণী

যেদিন অপরাধ স্বীকার কোনো কাজে আসবে না

ইসলামী জীবন ডেস্ক
যেদিন অপরাধ স্বীকার কোনো কাজে আসবে না
সংগৃহীত ছবি

মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,

 وَ اقۡتَرَبَ الۡوَعۡدُ الۡحَقُّ فَاِذَا هِیَ شَاخِصَۃٌ اَبۡصَارُ الَّذِیۡنَ كَفَرُوۡا ؕ یٰوَیۡلَنَا قَدۡ كُنَّا فِیۡ غَفۡلَۃٍ مِّنۡ هٰذَا بَلۡ كُنَّا ظٰلِمِیۡنَ

সরল অনুবাদ : 
‘চিরসত্য প্রতিশ্রুত সময় যখন ঘনিয়ে আসবে, তখন হঠাৎ কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, ‘হায়, আমাদের দুর্ভোগ! আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম বরং আমরা ছিলাম জালিম ।’ (সুরা : আম্বিয়া : আয়াত : ৯৭)

সংক্ষিপ্ত ব্যাখ্যা :
ইয়াজুজ-মাজুজের আত্মপ্রকাশের পর যখন কিয়ামতের চিরসত্য প্রতিশ্রুত সময় এসে পড়বে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে তখন কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা নিজেদের ভুল-ত্রুটি বুঝতে পেরে এবং কেয়ামতের ভয়াবহ পরিণতি দেখে হতভম্ব হয়ে যাবে। এমনকি তারা তাদের ভুল-ত্রুটিগুলো স্বীকার করতে থাকবে। তারা বলবে, নবীরা এসে আমাদের এ দিনটি সম্পর্কে জানিয়েছিলেন, কিন্তু আমরা ছিলাম গাফেল ও উদাসীন। আমরা নবীদের কথা না শুনে বরং তাদের প্রতি মিথ্যারোপ করেছিলাম। এভাবে তারা নিজেদের অপরাধের স্বীকৃতি দিতে থাকবে, কিন্তু তা তাদের কোন কাজে আসবে না। (ইবন কাসির, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে জাকারিয়া)

শিক্ষা ও বিধান

১. কিয়ামত অবশ্যম্ভাবী ও চিরসত্য। আল্লাহ তাআলা কিয়ামতকে ‘চিরসত্য প্রতিশ্রুত বিষয়’ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে বোঝা যায়, কিয়ামতের আগমন, হিসাব-নিকাশ, জান্নাত ও জাহান্নাম—সবই সত্য এবং অবধারিত।

২. কিয়ামত হঠাৎ উপস্থিত হবে। কিয়ামতের ভয়াবহ মুহূর্ত মানুষ হঠাৎই প্রত্যক্ষ করবে। তখন কাফিরদের চোখ বিস্ময়, ভীতি ও আতঙ্কে স্থির হয়ে যাবে।

৩. উদাসীনতা মানুষের বড় ক্ষতির কারণ। কাফিররা স্বীকার করবে যে তারা সত্য সম্পর্কে উদাসীন ও অসচেতন ছিল। এটি শিক্ষা দেয় যে, দ্বীন ও আখিরাতের ব্যাপারে গাফেল থাকা মারাত্মক অপরাধ।

৪. অন্যায় ও পাপের পরিণতি ভয়াবহ। তারা শুধু গাফেলই ছিল না; বরং নিজেদের ওপর জুলুম করেছে। কুফর, শিরক ও পাপাচার মূলত মানুষের নিজের ওপরই জুলুম।

৫. মৃত্যুর পর অনুতাপ কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন তারা আফসোস করবে—‘হায়, আমাদের দুর্ভোগ!’ কিন্তু তখন এই অনুতাপ তাদের কোনো উপকার করবে না। তাই তাওবা ও সংশোধনের সুযোগ দুনিয়ার জীবনেই গ্রহণ করতে হবে।

সুতরাং এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, কিয়ামত এক অনিবার্য সত্য। তাই গাফেলতি ও পাপাচার ত্যাগ করে ঈমান, নেক আমল, তাওবা ও আল্লাহভীতির মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করাই একজন মুমিনের কর্তব্য। কিয়ামতের দিন যেন আফসোস করতে না হয়, সে জন্য আজই নিজেকে সংশোধন করা প্রয়োজন। আল্লাহ আমাদের সঠিকভাবে বুঝার তাওফিক দান করুক। আমিন।

শয়তান থেকে সুরক্ষা লাভের দোয়া

মুফতি ওমর বিন নাছির
শয়তান থেকে সুরক্ষা লাভের দোয়া
সংগৃহীত ছবি

শয়তান মানুষের চিরশত্রু। সে যুগে যুগে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করছে। কখনো কুমন্ত্রণা দিয়ে, কখনো পাপকে সুন্দর করে দেখিয়ে, আবার কখনো হতাশা ও সন্দেহ সৃষ্টি করে সে মানুষের ঈমান ও আমলকে ক্ষতিগ্রস্ত করছে। একজন মুমিনের জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা অত্যন্ত জরুরি। তাইতো মহানবী (সা.) তাঁর উম্মতকে শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া শিখিয়েছেন। তেমনি একটি দোয়া হলো- 

لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ 

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। 

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তারই জন্য, আর তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। 

হাদিস : মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি দিনে একশ বার এই দোয়া পাঠ করবে,এই দোয়া দিনের শুরু থেকে রাত পর্যন্ত শয়তান থেকে তার জন্য সুরক্ষা হিসেবে কাজ করবে...। (সহিহ বুখারি, হাদিস নং : ৩২৯৩)

হাদিসের বাণী

গোপনীয়তা রক্ষায় নববী শিক্ষা

ইসলামী জীবন ডেস্ক
গোপনীয়তা রক্ষায় নববী শিক্ষা
সংগৃহীত ছবি

সাবিত (রহ.) থেকে বর্ণিত, আনাস (রা.) বলেন, একবার মহানবী (সা.) আমার কাছে এলেন, আমি তখন পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করছিলাম। তিনি এসে আমাদের সালাম দিলেন। তিনি আমাকে কোনো একটা প্রয়োজনে পাঠিয়েছিলেন। ফলে আমার মা আমাকে দীর্ঘক্ষণ দেখতে পান নি। আমি বাড়িতে ফিরলে আমার মা জিজ্ঞেস করলেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বললাম, মহানবী (সা.) আমাকে তাঁর একটা কাজে পাঠিয়েছিলেন। মা বললেন, কোন কাজে? আমি বললাম, সেটা তো মহানবী (সা.)-এর ব্যক্তিগত বিষয়। তখন মা আমাকে বললেন, মহানবী (সা.)-এর গোপন বিষয় কারও কাছে তুমি প্রকাশ করবে না। তারপর আনাস (রা.) বলেন, ওয়াল্লাহি, (আল্লাহর কসম)  হে সাবিত, আমি যদি এ বিষয়ে কাউকে কিছু বলতাম, তাহলে তোমাকে বলতাম। (সহিহ মুসলিম, হাদিস নং : ৬৩৭৮, মুসনাদে আহমাদ, হাদিস : ১২০৬০)

 

শিক্ষা ও বিধান

১. মহানবী (সা.) শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। তিনি আনাস (রা.) ও তাঁর সাথীদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সালাম দিয়েছেন। 

২. শিশুদেরও সালাম দেওয়ার মাধ্যমে মহানবী (সা.) উম্মতকে শিক্ষা দিয়েছেন যে, সালাম শুধু বড়দের জন্য নয়; ছোট-বড় সকল মুসলমানের মধ্যে সালামের প্রচলন করা সুন্নত।

৩. আনাস (রা.) মহানবী (সা.)-এর গোপন বিষয় প্রকাশ করেননি। এটি প্রমাণ করে যে, কারও ব্যক্তিগত বা আমানতস্বরূপ কথা অন্যের কাছে প্রকাশ করা বৈধ নয়।

৪. আনাস (রা.)-এর মা তাঁকে জিজ্ঞাসা করার পর যখন জানলেন এটি মহানবী (সা.)-এর ব্যক্তিগত বিষয়, তখন তিনি তা জানার জন্য চাপ দেননি; বরং গোপনীয়তা রক্ষার শিক্ষা দিয়েছেন। এটি আদর্শ অভিভাবকত্বের দৃষ্টান্ত।

৫. আনাস (রা.) মায়ের কাছে মিথ্যা অজুহাত দেননি; বরং সত্য বলেছেন যে তিনি মহানবী (সা.)-এর কাজে গিয়েছিলেন। একজন মুমিন সর্বদা সত্য কথা বলবে।

৬. আনাস (রা.) বহু বছর পরও সেই গোপন বিষয় প্রকাশ করেননি। এটি সাহাবায়ে কেরামের আমানতদারি, তাকওয়া ও নবী ﷺ-এর প্রতি গভীর শ্রদ্ধার পরিচয় বহন করে।

৭. অপ্রয়োজনীয় কৌতূহল পরিহার করা জরুরি। অন্যের ব্যক্তিগত বিষয় জানার জন্য অতিরিক্ত আগ্রহ বা অনুসন্ধান করা ইসলামের আদর্শ নয়। মানুষের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।
 

কাবার অভ্যন্তরীণ অবকাঠামো

ইসলামী জীবন ডেস্ক
কাবার অভ্যন্তরীণ অবকাঠামো
সংগৃহীত ছবি

পবিত্র কাবা শরিফ—মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু, ভালোবাসা, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন এই পবিত্র ঘরকে সামনে রেখে নামাজ আদায় করেন। কিন্তু কাবার বাহ্যিক অবয়ব সবার পরিচিত হলেও এর অভ্যন্তরীণ পরিবেশ কেমন, ভেতরে কী কী রয়েছে এবং কীভাবে সাজানো আছে—তা নিয়ে মানুষের আগ্রহ ও কৌতূহলের শেষ নেই।

বিশ্বের অন্যতম পবিত্র এই স্থাপনার দরজা সাধারণ মানুষের জন্য খোলা হয় না। বিশেষ ধৌতকরণ অনুষ্ঠান এবং সৌদি আরব সরকারের আমন্ত্রিত বিশেষ অতিথিদের জন্য বছরে সীমিত সময়ে কাবার দরজা খোলা হয়। যারা ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছেন, তাদের বর্ণনায় উঠে এসেছে এক অনাড়ম্বর অথচ গভীর আধ্যাত্মিক পরিবেশের কথা, যেখানে জাঁকজমকের চেয়ে বেশি অনুভূত হয় পবিত্রতা ও প্রশান্তি।

কাবার ভেতরের কাঠামো
কাবা শরিফের উচ্চতা প্রায় ১২ থেকে ১৩ মিটার। এর অভ্যন্তরীণ অংশ অত্যন্ত সুপরিকল্পিত ও ঐতিহাসিক গুরুত্বে সমৃদ্ধ।

তিনটি শক্তিশালী স্তম্ভ
কাবার ছাদকে ধারণ করে আছে সারিবদ্ধভাবে স্থাপিত তিনটি মজবুত কাঠের স্তম্ভ। ইতিহাসবিদদের মতে, আব্দুল্লাহ ইবনে জুবাইর (রা.)-এর সময় থেকে এ ধরনের স্তম্ভ ব্যবহৃত হয়ে আসছে। উন্নতমানের টিক কাঠ দিয়ে নির্মিত এসব স্তম্ভ বর্তমানে নান্দনিক অলংকরণে সুসজ্জিত, যা কাবার অভ্যন্তরীণ সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে।

মার্বেলখচিত মেঝে ও দেয়াল
কাবার মেঝে এবং দেয়ালের নিচের অংশ সাদা ও ধূসর মার্বেল পাথরে আবৃত। দেয়ালের ওপরের অংশে রয়েছে সবুজ রঙের বিশেষ কাপড় বা প্যানেল, যেখানে স্বর্ণখচিত ক্যালিগ্রাফিতে পবিত্র কোরআনের আয়াত অঙ্কিত রয়েছে। সরলতা ও সৌন্দর্যের অপূর্ব সমন্বয় কাবার ভেতরের পরিবেশকে করে তুলেছে আরও মর্যাদাপূর্ণ।

দ্বিস্তরবিশিষ্ট ছাদ
ঐতিহাসিক সূত্রে জানা যায়, প্রথমদিকে কাবা শরিফের কোনো ছাদ ছিল না। পরবর্তীতে কুরাইশরা পুনর্নির্মাণের সময় প্রথম ছাদ নির্মাণ করে। পরে কাঠামোকে আরও মজবুত ও নিরাপদ করতে অতিরিক্ত আরেকটি ছাদ সংযোজন করা হয়।

কাবার ভেতরের উল্লেখযোগ্য নিদর্শন : কাবার অভ্যন্তরে এমন কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যা ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।

বাবুত তাওবা 
কাবার ভেতরে প্রবেশের পর ডান পাশে একটি ছোট সোনালি দরজা চোখে পড়ে। এটি ‘বাবুত তাওবা’ বা ‘তাওবার দরজা’ নামে পরিচিত। এই দরজার মাধ্যমে কাবার ছাদে ওঠার সিঁড়ির পথ রয়েছে।

ঐতিহাসিক প্রদীপ ও ঝাড়বাতি
অভ্যন্তরের স্তম্ভগুলোর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন যুগের ঐতিহাসিক প্রদীপ, মশাল ও অলংকৃত ঝাড়বাতি। মুসলিম বিশ্বের বিভিন্ন শাসক, খলিফা ও বাদশাহরা বিভিন্ন সময়ে এগুলো উপহার হিসেবে প্রদান করেছিলেন। এসব নিদর্শন কাবার দীর্ঘ ইতিহাসের নীরব সাক্ষী।

রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের স্মৃতিবিজড়িত স্থান
মক্কা বিজয়ের পর মহানবী হজরত মুহাম্মদ (সা.) কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত স্থানটি বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। 

সুগন্ধির সংরক্ষণস্থল
কাবার ভেতরে একটি মার্বেল নির্মিত স্থান রয়েছে, যেখানে বিশেষ সুগন্ধি সংরক্ষণ করা হয়। উদ, কস্তুরি, অ্যাম্বার ও গোলাপজলের মতো মূল্যবান সুগন্ধি ব্যবহার করা হয় কাবার অভ্যন্তরকে সুবাসিত রাখতে।

সংস্কারকারীদের স্মারক ফলক
কাবার দেয়ালে বিভিন্ন যুগে সংস্কারকাজে অবদান রাখা খলিফা, সুলতান ও শাসকদের নামসংবলিত কয়েকটি মার্বেল ফলক সংরক্ষিত রয়েছে। এগুলো কাবার রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণের দীর্ঘ ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।

আধ্যাত্মিকতার আবাসস্থল
কাবার ভেতরে প্রবেশের সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। তবে যারা এই সুযোগ পেয়েছেন, তারা প্রায় সবাই একমত—কাবার অভ্যন্তরে কোনো রাজকীয় চাকচিক্য নেই; আছে এক গভীর প্রশান্তি, বিনয় ও আল্লাহর মহিমার অনুভূতি। মার্বেলখচিত দেয়াল, ঐতিহাসিক নিদর্শন ও সুগন্ধিময় পরিবেশের মধ্যেও সবচেয়ে বেশি অনুভূত হয় সেই পবিত্রতার আবেশ, যা যুগের পর যুগ মুসলিম হৃদয়কে এই ঘরের প্রতি আকৃষ্ট করে রেখেছে।

পবিত্র কাবা শুধু একটি স্থাপনা নয়; এটি মুসলিম উম্মাহর ঐক্য, ইবাদত ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের চিরন্তন প্রতীক। এর অভ্যন্তরের প্রতিটি অংশ যেন ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস ও আধ্যাত্মিক উত্তরাধিকারের এক জীবন্ত সাক্ষ্য।